ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

‘শিক্ষায় সুযোগ না দিলে নারীর সমতাবিধান শত বছরেও সম্ভব নয়’

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ৯ মার্চ ২০২৩
‘শিক্ষায় সুযোগ না দিলে নারীর সমতাবিধান শত বছরেও সম্ভব নয়’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা দফতরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের সমাবেশ। ছবি: ডেইলি বাংলাদেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, নারীরা শিক্ষিত না হলে সমতা নিশ্চিত করা সম্ভব হবে না। রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ করে না দিলে আগামী ৫০ বছর কেন, ১০০ বছরেও নারী পুরুষের সমতাবিধান করা সম্ভব হবে না।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্র উপদেশ ও নির্দেশনা দফতরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় কোষাধ্যক্ষ বলেন, পুরুষের পাশাপাশি নারীদেরও যদি শিক্ষিত করে গড়ে তোলা না যায়, তাহলে নারীরা পিছিয়ে পড়বে। নারীরা শিক্ষিত না হলে সমতা নিশ্চিত করা সম্ভব হবে না। তাই পুরুষের পাশাপাশি নারীদেরকেও বিজ্ঞান, প্রযু্ক্তি ও গণিতসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে হবে। 

Advertisement

তিনি আরো বলেন, পারিবারিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। পরিবার থেকে যদি আমরা সমতার শিক্ষা নিয়ে আসতে না পারি, তাহলে সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে সেটার পূর্ণতা দেওয়া সম্ভব হবে না। নারীর ক্ষমতায়নের জন্য নারীশিক্ষার প্রয়োজন। একজন শিক্ষিত নারী যেভাবে পরিবারকে গড়ে তোলে, একজন অশিক্ষিত নারী সেভাবে গড়ে তুলতে পারে না। তাই পুরুষদের পাশাপাশি নারীদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে।  

সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দিলারা রহমান, শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, সিনিয়র অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, পিএসএস বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন, কাউন্সিলর সাইকোলজিস্ট ফজিলাতুন্নেসা শাপলা প্রমুখ। 

এর আগে, দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে একটি র‌্যালি বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে শেষ হয়।

উল্লেখ্য, ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, লিঙ্গ বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যকে সামনের রেখে এবারের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!