শিক্ষকদের মেন্টরের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ইউজিসি চেয়ারম্যান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, শিক্ষকদের মেন্টরের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেবল শিক্ষকরাই পারে শিক্ষার্থীদের সঠিকপথে পরিচালনা করতে।
তিনি বলেন, বাইরের দেশের শিক্ষকরা বলেন বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। যথাযথ দিক নির্দেশনা দিলে তারা অনেক ভালো করবে।
সোমবার বিকেলে ইউজিসি অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ইউজিসি চেয়ারম্যান।
.png)
এ সময় তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মূল ভূমিকা পালনের আহ্বান জানান প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মোখলেছুর রহমান বিশেষ অতিথি এবং জিটিআই’র পরিচালক অধ্যাপক ড. বেন্তুল মাওয়া স্বাগত বক্তব্য দেন।
দেশের ২০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০ নবীন শিক্ষক ম্যাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) এ প্রশিক্ষণের আয়োজন করে। ইউজিসি বুনিয়াদি এ প্রশিক্ষণের অর্থায়ন ও সহযোগিতা করে আসছে।