ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ঢাবি ভর্তি পরীক্ষা: আবেদন ১৮ ডিসেম্বর, থাকছে না ‘সেকেন্ড টাইম’

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ৫ ডিসেম্বর ২০২৩
ঢাবি ভর্তি পরীক্ষা: আবেদন ১৮ ডিসেম্বর, থাকছে না ‘সেকেন্ড টাইম’
অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। সেই সঙ্গে ১৮ ডিসেম্বর দুপুর থেকে ভর্তির আবেদন শুরু হবে। এছাড়াও চলতি শিক্ষাবর্ষেও সেকেন্ড টাইম থাকছে না।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভায় সভাপতিত্ব করেন।

আগামী সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় শুরু হয়ে আগামী ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন কার্যক্রম শেষ হবে। এবং আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৪ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

নির্ধারণ করা হয়েছে ভর্তি পরীক্ষা সময়সূচিও। জানা যায়, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ ২০২৪ শুক্রবার, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ৯ মার্চ ২০২৪ শনিবার অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। 

‘চারুকলা ইউনিট’ ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

সভা সূত্রে জানা যায়, চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের MCQ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। চারুকলা ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এরমধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

এছাড়া ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৮ থেকে ২০২১ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৩ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫. ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে। যার ফলে এবারো সুযোগ থাকছে না সেকেন্ড টাইমারদের।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!