ভারমুক্ত হচ্ছে চবির গুরুত্বপূর্ণ আট পদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গুরুত্বপূর্ণ আটটি পদ ভারমুক্ত হতে চলছে। দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার, গ্রন্থগারিক, প্রধান প্রকৌশলীসহ মোট গুরুত্বপূর্ণ দফতরগুলো ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয়ে আসছে।
গত ১৬ মে (বৃহস্পতিবার) চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সর্বশেষ ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী তৃতীয় ও চতুর্থ গ্রেডের আটটি পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়।
পদগুলো হলো রেজিস্ট্রার, গ্রন্থগারিক, হিসাব নিয়ামক, প্রধান প্রকৌশলী, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), চিফ মেডিকেল অফিসার এবং পরিচালক (শারীরিক শিক্ষা বিভাগ)।
বিজ্ঞাপিত পদগুলোতে আবেদনকারীদের সনদপত্রটি সহ ১০ সেট দরখাস্ত আগামী ১০ জুনের মধ্যে অফিস চলাকালীন সময়ে জমা দিতে বলা হয়েছে।
এই ব্যাপারে জানতে চাইলে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ বলেন, বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদগুলোতে নিয়োগের জন্য গতকাল দরখাস্ত আহ্বান করা হয়েছে। নিয়োগ প্রদানের মাধ্যমে পদগুলোতে নতুন দায়িত্বপ্রাপ্তরা আসবেন। নতুনরা দায়িত্বে আসার আগ পর্যন্ত বর্তমানে যারা আছেন তারা দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩০ জুন চাকরি থেকে অবসরে যান বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ। গত বছরের ফেব্রুয়ারিতে রেজিস্ট্রার পদে নিয়োগ পান কে এম নুর আহমদ। যদিও ঐ সময় তৎকালীন উপাচার্য বলেছিলেন, তিন মাসের মধ্যে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হবে। প্রধান প্রকৌশলী, পরীক্ষা নিয়ন্ত্রক,হিসাব নিয়ন্ত্রক সহপ্রায় দশটির বেশি পদগুলোতে ছিলেন ভারপ্রাপ্ত ও অবসরপ্রাপ্তরা। দীর্ঘদিন পর নতুন উপাচার্য এই পদগুলো ভারমুক্ত করতে উদ্যোগ নিয়েছেন।