ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মারধরের অভিযোগ দেওয়ায় ফের রাতভর নির্যাতন, গুলি করে মারার হুমকি

শিহাব উদ্দিন সরকার, যবিপ্রবি
প্রকাশিত: ২০:২৯, ৫ জুন ২০২৪
মারধরের অভিযোগ দেওয়ায় ফের রাতভর নির্যাতন, গুলি করে মারার হুমকি
অভিযুক্তরা। ছবি: সংগৃহীত

*পা জড়িয়ে ধরে বাঁচার আকুতি
*বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সাহস হারিয়ে ফলেছি: ভুক্তভোগী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় অভিযোগ দেওয়ায় পুনরায় ঐ শিক্ষার্থীকে রাতভর বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এরপর কোনো অভিযোগ দিলে তাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন তারা। ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর নাম শাহরীন রহমান। শাহরীন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।  

মঙ্গলবার (৪ জুন) দিবাগত রাত ২টায় যবিপ্রবির শহিদ মসিয়ূর রহমান হলে শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানার (৩০৬ নং) কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সংশ্লিষ্ট হল প্রভোস্ট ড. মো. তানভীর ইসলামকে মৌখিকভাবে অভিযোগ জানিয়ে বিচার চেয়েছেন।

Advertisement

ভুক্তভোগী জানান, সোমবার কথা-কাটাকাটির জেরে আমাকে মাথা ফাটিয়ে দেওয়ায় ঘটনায় বিচার চেয়েছিলাম। এরপর ঘুম থেকে তুলে রাত ২টাই শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ভাইয়ের নির্দেশে তার কক্ষে ডেকে নিয়ে যায় আমার বন্ধু আমিনুল ইসলাম ও সিয়াম। ৩০৬নং কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রায় ১০-১৫ জন আমার ওপর অতর্কিত হামলা করে। এ সময় এলোপাথাড়ি কিলঘুষি মারলে রুমের মেঝেতে লুটিয়ে পড়ি। তখন তারা আমাকে পা দিয়ে পাড়াতে থাকে। এ সময় তারা আমাকে বলতে থাকে- কেন প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছিস? এ সময় তারা আমার মোবাইল কেড়ে নিয়ে আমার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেন। এক পর্যায়ে তারা আমাকে মোটা রড দিয়ে আমার সারা শরীরে পেটাতে শুরু করে। ভোর ৫টা পর্যন্ত চলে দফায় দফায় এমন নির্যাতন। ঐ সময় আমার মনে হচ্ছিল আমিও মনে হয় আবরার ফাহাদের মতো মরে যাবো। এ সময় মারধরে অংশগ্রহণ করে আশিকুজ্জামান লিমন (পিইএসএস), ইসাদ (পিইএসএস), রায়হান রহমান রাব্বি (পদার্থবিজ্ঞান), বেলাল হোসেন (এফবি), শেখ বিপুল (পিইএসএস), রাইসুল হক রানা (ফার্মেসি) সহ আরো কয়েকজন।

প্রাণে বাঁচতে আমি ছাত্রলীগ সভাপতি সোহেল রানা ভাইয়ের পা জড়িয়ে ধরে বাঁচার আকুতি জানায়। এ সময় ভাই বলে, ‘কালকের মধ্যে অভিযোগ তুলে নিবি, না হলে তোকে গুলি করে মারবো।’ এ সময় ভাই আমার বুকে লাথি মেরে আমাকে মেঝেতে ফেল দেয়। বলে, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাবি। ক্যাম্পাসে যেন তোকে আর না দেখি।

জানা যায়, এরপর যেন কাউকে না জানাতে পারে সেজন্য তার বন্ধু আমিনুল ইসলাম শাহরীনের ফোন নিয়ে রেখে দেয়। একপর্যায়ে ঘটনা জানাজানির ভয়ে সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে শহরে নিয়ে চলে যায় আমিনুল ও রাজীব। পরে জানাজানি হলে চাপে পড়ে দুপুরের দিকে শাহরীনকে তার গ্রামের বাড়ি পৌঁছে দেয় তারা। শাহরীন বাড়ি পৌঁছালে তার মাকে অজ্ঞাত নাম্বার থেকে কল দিয়ে বাড়ি বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও জানান শাহরীন।

এ ঘটনায় যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতিকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী আমার কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে। তাকে এতই ভীতসন্ত্রস্ত মনে হচ্ছিল যে কথা বলতে পারছিল না। সে জানিয়েছে তাকে আবরার ফাহাদের মতো মারা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, সোমবার (৩ জুন) ফুটবল খেলাকে কেন্দ্র করে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরীন রহমানের মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহীনুরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দেন শাহরীন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: যবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!