ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রকৌশল গুচ্ছে এখনো আসন ফাঁকা, ডাকা হলো ৭০০ ভর্তিচ্ছুকে

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ৮ জুন ২০২৪
প্রকৌশল গুচ্ছে এখনো আসন ফাঁকা, ডাকা হলো ৭০০ ভর্তিচ্ছুকে
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষের পরও কিছু আসন এখনো ফাঁকা রয়েছে। সেই আসনগুলো পূরণ করতে ৭০০ উত্তীর্ণ ভর্তিচ্ছুকে আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সংশ্লিষ্ট এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

আগামী ৩ জুলাই মেধাক্রম ৫৮০১ থেকে ৬৫০০ পর্যন্ত বিভাগ ‘ক’ গ্রুপ ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে উত্তীর্ণ ঐসব ভর্তিচ্ছু এদিন সকাল সাড়ে ৯টা হতে বেলা ৩টা পর্যন্ত ভর্তি নেওয়া হবে। 

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, মেধাক্রমের ভিত্তিতে নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত প্রার্থীদের আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি করা হবে। আসন সংখ্যার চেয়ে বেশি প্রার্থী উপস্থিত হলে অতিরিক্ত প্রার্থীদের নিয়ে মেধাক্রম অনুযায়ী একটি অপেক্ষমাণ তালিকা সংরক্ষণ করা হবে। পরবর্তীতে উক্ত তালিকা হতে আসন খালি হওয়া সাপেক্ষে ভর্তির জন্য প্রার্থীদের পর্যায়ক্রমে ডাকা হবে। 

এর আগে গত ৩ মার্চ দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন পরীক্ষা কেন্দ্রের গড়ে প্রায় ৮৩ শতাংশ (৮২.৫২) শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশ নেয়। এতে চুয়েটে ৮০ দশমিক ০৫, কুয়েটে ৮১ দশমিক ২৪ এবং রুয়েটে ৮৬ দশমিক ২৬ শতাংশ অংশ নিয়েছিল। 

চলতি শিক্ষাবর্ষে সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি, কুয়েটের ১ হাজার ৬৫টি এবং রুয়েটের ১ হাজার ২৩৫ টি সহ সর্বমোট ৩ হাজার ২৩১টি আসন রয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রকৌশল গুচ্ছ ভর্তির ওয়েবসাইট (https://admissionckruet.ac.bd) এর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!