ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

দীর্ঘদিন পর হাবিপ্রবিতে উচ্ছ্বাস

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ১৮ আগস্ট ২০২৪
দীর্ঘদিন পর হাবিপ্রবিতে উচ্ছ্বাস
ক্যাম্পাসে ফিরলেন হাবিপ্রবি শিক্ষার্থীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশের ইতিহাসের বাঁকবদল ঘটলো ২০২৪ সালের জুলাই-আগস্ট জুড়ে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হলো। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আধিপত্য নেই। এই কর্মযজ্ঞে কেটে গেল বেশ কিছুদিন। সেই প্রেক্ষাপটের শেষে, স্বস্তি নিয়ে ক্যাম্পাসে ফিরলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় ফের প্রাণবন্ত হয়ে উঠেছে তাদের চিরচেনা ক্যাম্পাস। জমে উঠেছে বন্ধুত্বের আড্ডা। শুরু হয়েছে ক্লাস, স্বাভাবিক নিয়মে চলছে পরিবহন। 

বিগত ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে অচলাবস্থা তৈরি হলে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তখন রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ হয় শিক্ষাঙ্গন। একইসঙ্গে আবাসিক হলগুলোও বন্ধ করে দেওয়া হয়।

রোববার (১৮ আগস্ট) হাবিপ্রবির প্রায় সব বিভাগের ক্লাস শুরু হয়েছে। বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধান ও শিক্ষকদের নিয়ে মিটিং করছেন। আলোচনা করছেন কীভাবে সুন্দরভাবে ক্লাস কার্যক্রম চালিয়ে যাওয়া যায়। পাশাপাশি সেশনজট নিরসনেও প্রয়োজনীয় পদক্ষেপের আলোচনাও হয়েছে বলে জানা গেছে।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মামুনার রশিদ জানান, সব বিভাগের অ্যাকাডেমিক কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। দীর্ঘ বিরতির কারণে যেন সেশনজট তৈরি না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Advertisement

রোববার সকাল ১০টায় কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা এবং মিষ্টি বিতরণের মাধ্যমে ক্লাস শুরু করেন। দীর্ঘদিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বাসিত হাবিপ্রবির শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!