ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ট্রাকের নিচে প্রাণ হারালেন হাবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ১৮ নভেম্বর ২০২৪
ট্রাকের নিচে প্রাণ হারালেন হাবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) যন্ত্র প্রকৌশল বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান আব্দুল মান্নান (৪৫) নিহত হয়েছেন। 

সোমবার বিকেলে দিনাজপুর-রংপুর মহাসড়কের পল্লি বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নানের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। দুর্ঘটনার পর পুলিশ তার লাশ উদ্ধার করে দিনাজপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Advertisement

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,  বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নান মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয় থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পল্লি বিদ্যুৎ এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুল মান্নান মারা যান।

পরে স্থানীয় জনতা এবং শিক্ষার্থীরা ট্রাকটিকে আটক করে। এসময় ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়। এবং চালকের সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, ‘পরিবার থেকে মামলা না হলে পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে সড়ক পরিবহন আইনে আজ রাতের মধ্যেই মামলা করা হবে। আমাদের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’

এদিকে সড়ক দুর্ঘটনায় কর্মচারী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোক বার্তায় নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!