মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা।
৩৫ প্রত্যাশী আন্দোলনের অন্যতম সংগঠক মামুন রশিদ রতন বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ ৩৫ দাবিতে আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের দাবি না মেনে ৩২ করা হয়েছে। জানি না, কাদের পরামর্শে ৩২ করা হয়েছে।
.png)
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা নিজেদের আন্দোলন থেকে দূরে সরিয়ে রেখেছি, শুধু এই সরকারের কারণে। কেননা এই সরকার আমাদের সরকার, রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার। আমরা চাই এবং আশা করি, অবিলম্বে এই সরকার আমাদের দীর্ঘদিনের এই দাবি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত তা বাস্তবায়ন করবেন।
রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী ১১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমাদের দাবি বাস্তবায়নে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা করি, এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস আমাদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি সমাধান করবেন।
এ সময় অন্যদের মধ্যে ৩৫ প্রত্যাশী আন্দোলনের সঙ্গে যুক্ত মো. হারুন, মো. মমিন, মওদুদ আহমেদ মিঠু প্রমুখ বক্তব্য দেন।