ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি, ক্ষুব্ধ ছাত্রদল

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি, ক্ষুব্ধ ছাত্রদল
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় ১৯৪৮ সালের মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।’ তার এ বক্তব্যের বিরুদ্ধে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিলেন। ছাত্রদলের দাবি, পরবর্তী সময়ে এই প্রতিবাদই ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ছাত্রদল বলছে, বাংলার স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যের প্রতি অবমাননা।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, ডাকসুর বর্তমান নেতৃত্ব সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকট, অধিকার আদায় ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাদের দাবি, শিক্ষার্থীদের স্বার্থের পরিবর্তে ডাকসু পরিষদকে নির্দিষ্ট দলীয় ও আদর্শিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হচ্ছে।

ছাত্রদল আরও দাবি করে, মধুর ক্যান্টিনের নাম পরিবর্তন করে ‘ইশরাত মঞ্জিল’ করার চেষ্টা এবং ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের মতো কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য বিকৃতির চেষ্টা চলছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে বলেন, অবিলম্বে ডাকসুর সংগ্রহশালা থেকে বাংলা ভাষার বিরোধিতাকারী জিন্নাহর ছবি সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার স্থান হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে।

তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থাপনা, স্মারক ও চেতনাকে বিকৃত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিকামী চেতনা রক্ষায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তারা।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!