ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ৩ অক্টোবর ২০২৬
ঢাবি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
সংগৃহীত ছবি

গ্রীন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস ফার্স্ট’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় পথ দেখিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি পরিবর্তনেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে বলেন, ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ইতোমধ্যে ২০০টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে। তবে শিক্ষার্থীদেরও দায়িত্বশীল হতে হবে, যাতে রাস্তা, টিএসসি কিংবা ক্যাম্পাসের অন্য কোথাও ময়লা না ফেলা হয়।

টিএসসি, শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে ভাসমান হকারদের নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেন তিনি। হকারদের তালিকা করে পরিচয়পত্রের আওতায় আনার প্রস্তাব দেন আবদুস সালাম। তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার দেশের ঐতিহ্য ও গর্বের স্থান। কোনোভাবেই এলাকাটি অপরিচ্ছন্ন রাখা যাবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা কোনো এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ রাখা যাবে না; সারা বছরই এ কার্যক্রম চালিয়ে যেতে হবে। পরিচ্ছন্নতার জন্য বাইরের কারও ওপর নির্ভর না করে নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো অনুষ্ঠান শেষ হওয়ার পর যেন এক টুকরো পলিথিন, টিস্যু কিংবা বাদামের খোসাও পড়ে না থাকে—এ দায়িত্ব সবাইকে নিতে হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মোজাদ্দেদী আলফেছানী এবং প্রক্টর ইসরাফিল রতনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভ, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথি, ছাত্রদল নেতাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। টিএসসি থেকে শুরু হয়ে র‍্যালিটি কলাভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ক্যাম্পাসে স্থাপন করা নতুন ডাস্টবিন উদ্বোধন করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অপরিষ্কার স্থান পরিষ্কার করার পাশাপাশি মশক নিধন কার্যক্রম শুরু করেন পরিচ্ছন্নতাকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!