তারকা সন্তানের বিড়ম্বনা! তিশার নবজাতকের ভুয়া ছবি ভাইরাল
নতুন বছরে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং পরিচালক মোস্তফা সারওয়ার ফারুকীর ঘর আলোকিত করে এসেছে কন্যা সন্তান। এর মধ্যেই হাড়ে হাড়ে খ্যাতির বিড়ম্বনা টের পাচ্ছে তাদের সদ্যোজাত। সংবাদমাধ্যমে খুদের ভুয়া ছবি ভাইরাল! বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন তিশা।
যিনি আদর করে সন্তানকে ডাকছেন ইলহাম বলে। ৮ জানুয়ারি সন্তান কোলে তিশা বাড়ি ফিরেছেন। নবজাতককে নিয়ে ফেরার ছোট্ট ঝলকও পোস্ট করেছেন তিনি। ভিডিওয় দেখা গিয়েছে, ছোট্ট মুঠিতে মায়ের আঙুল শক্ত করে ধরা। অভিনেত্রী লিখেছেন, মায়ের হাত শক্ত করে ধরে বাড়ি যাচ্ছে ছোট্ট ইলহাম!
.png)
সোমবার, ১০ জানুয়ারি তিসার অভিযোগ, সংবাদমাধ্যম তার সন্তানের ভুয়া ছবি দিয়েছে। তিনি এখনো কোনো ছবিই কোথাও দেননি। ফেসবুকে পোস্ট দিয়ে নতুন মায়ের বক্তব্য, একটা ব্যাপারে বেশ বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা আরো ছড়ানোর আগেই আমরা পরিষ্কার করে জানাতে চাই। কিছু কিছু সংবাদ এবং ভিডিওর সঙ্গে ইলহামের ছবি হিসাবে একটা পুরনো ছবি জুড়ে দেওয়া হচ্ছে। আমরা জানতে পেরেছি শুরুর দিকে ভুলে এটা যোগ করা হয়েছিল। যেটা পরে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু অনলাইনে একটা কিছু উঠে গেলে সেটা ছড়াতেই থাকে। সে জন্যই এই পোস্ট দেওয়া। যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায়।
তিশার দাবি, তারা যখন ইলহামের ছবি প্রকাশ্যে আনতে চাইবেন তখন নিজেরাই সেটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট করবেন। তাই ভুল ছবি দিয়ে বিভ্রান্তি না ছড়ানোই শ্রেয়। ইলহাম আপাতত শুধুই সবার শুভেচ্ছা, আশীর্বাদ কামনা করে বলে জানিয়েছেন তার মা।