ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ভালোবাসা দিবস একসঙ্গে কাটবে নিপুন-জায়েদ খানের

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২
ভালোবাসা দিবস একসঙ্গে কাটবে নিপুন-জায়েদ খানের
জায়েদ খান এবং নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নাটকীয়তার মেয়াদ আরো একদিন বাড়ল। আজ পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। স্থগিত হওয়া সাধারণ সম্পাদক পদ নিয়ে শুনানি হবে আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে। তাই বলাই যায় এই দিনটি একসঙ্গেই কাটাবেন ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিনত হওয়া দুইজন জায়েদ খান এবং অভিনেত্রী নিপুণ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) চিত্রনায়িকা নিপুন আক্তারের আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চে এ দিন ধার্য করেন।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণাদেব নাথ।

Advertisement

এর আগে, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনলে ৫ ফেব্রুয়ারি সেই প্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে।

এরপর আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন। এরপর থেকেই বিষয়টি ‘বেআইনি’ বলে দাবি করে আসছেন চিত্রনায়ক জায়েদ খান। প্রার্থিতা বাতিলের বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। গেল সোমবার (৭ ফেব্রুয়ারি) আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে ওই দিন জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আহসানুল করীম ও আইনজীবী নাহিদ সুলতানা যুথী। সঙ্গে ছিলেন আইনজীবী মজিবুল হক ভূঁইয়া।

পরদিন মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন অভিনেত্রী নিপুন। নিপুন আক্তারের পক্ষে তার সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ আবেদনটি আদালতে উপস্থাপন করেন। সেই আবেদনের ওপর বুধবার (৯ ফেব্রুয়ারি) চেম্বার আদালতে শুনানি হয়। শুনানিতে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ‘স্থিতাবস্থা’ জারি করেছিলেন চেম্বার আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!