ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তিশা-ফারহানের নাটকের টিমের ওপর হামলা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ১৪ জুন ২০২২
তিশা-ফারহানের নাটকের টিমের ওপর হামলা
তানজিন তিশা-মুশফিক আর ফারহানের নাটকের শুটিং- ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তানজিন তিশা ও মুশফিক আর ফারহানের নাটকের শুটিং টিমের ওপর হামলা করেছে ১৫-২০ জন বখাটে। এতে নাটকের প্রযোজকসহ চারজন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় শুটিং চলাকালীন স্পট থেকে বাইরে বের হতে বলায় বাক্‌বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- প্রযোজক সৌরভ, সহকারী পরিচালক সবুজ ইশতিয়াক, অভিনেতা কন্ডাল বিশ্বাস ও অংকন।

মঙ্গলবার বিকেলে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন নাটকের আর্ট ডিরেক্টর নাজিরী সাগর। তিনি বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ১১ জুন থেকে ১৩ জুন ক্যাম্পাসে অভিনেতা মুশফিক আর ফারহান ও অভিনেত্রী তানজিন তিশার নাটকের শুটিং করা হয়। ছাত্রাবাস, একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চসহ বিভিন্ন পয়েন্টে শুটিং হয়।

Advertisement

তানজিন তিশা-মুশফিক আর ফারহানের নাটকের শুটিং ও বখাটেদের হামলার ছবি- ডেইলি বাংলাদেশ

শুটিংয়ের শেষ মুহূর্তে বহিরাগত বখাটেদের স্পট থেকে বের হতে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ১৫-২০ জনের একটি দল এসে ইট-পাটকেল ও বেল্ট দিয়ে শুটিং টিমের ওপর হামলা চালিয়ে বের হয়ে যায়। ঐ হামলায় চারজন আহত হয়েছেন।

তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয়ে শুটিংয়ে এসে সবার অনেক সহযোগিতা পেয়েছি। সবার ইতিবাচক ভূমিকার কারণে আমাদের কাজ অনেক সহজ হয়েছে। যারা আমাদের ওপর যারা হামলা করেছে তারা বহিরাগত ছিল। আমরা অনেক জায়গায় শুটিং করেছি কিন্তু এখানে এমন অনাকাঙ্খিত ঘটনার স্বীকার হতে হবে সেটা ভাবিনি। এ বিষয়ে সংবাদ সম্মেলনসহ নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

গত ১১ জুন থেকে চারদিন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন অভিনেতা মুশফিক আর ফারহান, অভিনেত্রী তানজিন তিশাসহ নাটকের পুরো শুটিং টিম। এরই মধ্যেই বিশ্ববিদ্যালয়ের হল, একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চসহ বিভিন্ন পয়েন্টে শুটিং হয়েছে। মঙ্গলবার শুটিং শেষ হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!