ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
‘মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ’
ক’দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন লুকে ধরা দিয়েছিলেন শবনম বুবলী। যেখানে সোনালী রঙের বব কাটে দেখা গিয়েছিল তাকে। তবে সেসময় বিষয়টি নিয়ে বিস্তারিত কিছুই বলেলনি ঢাকায় সিনেমার নায়িকা।
মূলত দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় অভিনয় করছেন বুবলী। আর সেকারণেই এমন লুকে ভক্তদের সামনে হাজির হয়েছিলেন এ চিত্রনায়িকা।
এরই মধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বুবলী বলেন, ‘তুমি যেখানে আমি সেখানে’ শতভাগ কমেডি সিনেমা। এমন সিনেমায় কাজ করা অনেক কঠিন। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। তারপরও আমার দিক থেকে চেষ্টা করছি যতটুকু ভালো অভিনয় করা যায় তা করার।
পরিচালক দেবাশীষ বিশ্বাস সম্পর্কে ঢালিউড নায়িকা বুবলী বলেন, প্রথমবার দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় অভিনয় করছি। অনেক মেধাবী এই পরিচালকের সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে।
নতুন সিনেমায় নতুন লুক প্রসঙ্গে নায়িকা বলেন, এই সিনেমায় বেশ কয়েকটি লুকে আমাকে দেখা যাবে। অনেক প্রস্তুতি নিয়ে বিভিন্ন লুকে অভিনয় করছি। লুকগুলোও দর্শকদের ভালো লাগবে।
‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমাতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক রোশান। এ প্রসঙ্গে তিনি বলেন, রোশানের সঙ্গে এটি আমার সপ্তম সিনেমা। রোশান অনেক ভালো করছে।