‘মহানগর’-এর অপেক্ষার অবসান, সিরিজ নিয়ে সুখবর দিলো হইচই
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের অভিনীত সিরিজ ‘মহানগর’। এটি নির্মাণ করেন বাংলাদেশের হালের আলোচিত নির্মাতা আশফাক নিপুণ। সিরিজটি বাংলা ভাষার দর্শককে নাড়িয়ে দেয় ২০২১ সালে। মুক্তির পর থেকেই সিরিজটির দর্শক প্রিয় চরিত্র ‘ওসি হারুন’ মনে দাগ কেটেছে সকলেরই। এবার জানা গেলো নতুন খবর, ৩০ আগস্ট থেকে ‘মহানগর’ এর প্রথম সিজন দেখা যাবে একদম ফ্রি-তে।
হইচই অ্যাপ ডাউনলোড করলেই দেখা যাবে সিজন ১। লাগবে না কোনো সাবস্ক্রিপশন, লাগবে না রেজিস্ট্রেশন। সেই সঙ্গে হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেলে মহানগর এর প্রথম কিস্তির ১টা পর্ব দেখা যাবে ফ্রি।
এ ব্যাপারে পরিচালক আশফাক নিপুন বলেন, ‘মহানগর নির্মাণের সময় ভাবিনি যে সিরিজটি মানুষ এতো পছন্দ করবে। ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়। যেই বিষয়টি নিয়ে আমি কখনো মিডিয়াতে কথা বলিনি। সে সব ব্যাপার নিয়ে আলাপ করা যাবে অন্য কোনো সময়। তবে আনন্দের ব্যাপার হলো, যে কেউ, যে কোনো স্থান থেকে মহানগর হইচই-তে স্ট্রিম করতে পারবেন ফ্রি।’
.png)
অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘মহানগর মুক্তির পর থেকেই সাধারণ মানুষের যে রেসপন্স ও ভালোবাসা পেয়েছি তা অবিশ্বাস্য। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বাস্তবে সবখানে প্রশংসা পেয়েছি কাজটার জন্য।
মহানগর-এর প্রথম সিজনে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, খাইরুল বাসার প্রমুখ।