কলকাতায় রজনীকান্ত ও কঙ্গনার সঙ্গে প্রভাসও আসছেন
রাজনৈতিক পটপরিবর্তনের পর পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৩২তম এই আসরের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির থাকার কথা রয়েছে।
আর দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। মঙ্গলবার নন্দন চত্বরে সরকারি কমিটির বৈঠক শেষে এই তথ্য জানা গেছে।
আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের চলচ্চিত্র উৎসব। নন্দনে অনুষ্ঠিত এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, পরিচালক সন্দীপ রায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়সহ দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মিঠুন চক্রবর্তী জানান, উৎসব চলাকালীন পুরো শহরকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। নতুন কমিটির ভাবনা অনুযায়ী, উদ্বোধন অনুষ্ঠানটি আয়োজিত হতে পারে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে।
জানা গেছে, ভিক্টোরিয়া চত্বরে তৈরি করা হবে বিশেষ রেড কার্পেট। এর আশপাশে রাখা হবে দেশের প্রখ্যাত তারকাদের কাটআউট। উদ্বোধনী মঞ্চে রজনীকান্ত ও কঙ্গনা রানাওয়াত ছাড়াও প্রভাস (উপলপতি ভেঙ্কট সূর্যনারায়ণ প্রভাস রাজু) এবং কোনো হলিউড তারকার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অতীতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ধনধান্য অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধন হলেও নতুন সরকারের প্রথম আয়োজনে কোনো কমতি রাখতে চাইছে না আয়োজক কমিটি। চলছে জোর প্রস্তুতি ও ধারাবাহিক বৈঠক।
এদিকে রাজ্যজুড়ে ক্ষমতার পালাবদলের পর উৎসবের বাহ্যিক আয়োজনেও এসেছে পরিবর্তন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগোর রঙ নীল থেকে বদলে করা হয়েছে গেরুয়া। সাধারণত প্রতিবছর নভেম্বর মাসে এই উৎসব হলেও, এবার শীতের আমেজে ১৬ থেকে ২৩ ডিসেম্বর তিলোত্তমায় বসবে সিনেমার এই আসর।