আন্তর্জাতিক মডেলিংয়ে জায়গা করে নিতে চান মডেল ফ্লাভিয়া
মডেলিং ও অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের পরিচিতি গড়ে তুলতে চান তরুণ মডেল ও অভিনয়শিল্পী ফ্লাভিয়া ইসলাম। দীর্ঘ আট বছর ধরে মিডিয়া ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে চলেছেন তিনি। তাঁর স্বপ্ন আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় সাফল্য অর্জনের পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা।
ঢাকাভিত্তিক এই মডেল ও অভিনয়শিল্পীর রয়েছে ভারতীয় পারিবারিক শিকড়। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা ফ্লাভিয়া মডেলিং ও অভিনয়ের পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনা, ডিজে পারফরম্যান্স এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। নিজেকে আন্তর্জাতিক মানের মডেল হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি অভিনয়েও শক্ত অবস্থান তৈরি করতে চান তিনি.
মিডিয়া অঙ্গনে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়েছেন ফ্লাভিয়া। ২০২২ সালে ‘মিস ফটোজেনিক’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা পাঁচে জায়গা করে নেন তিনি। এরপর ২০২৫ সালে অর্জন করেন ‘বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড’। এসব অর্জন তাঁর পেশাগত জীবনে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।
শৈশব থেকেই বিতর্ক, নাচ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ ছিল ফ্লাভিয়ার। বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার অর্জন করেছেন তিনি। পাশাপাশি বাফা থেকে নৃত্যশিক্ষা গ্রহণ করেছেন। চিত্রকলায় প্রশিক্ষণ ও সনদ অর্জনের পাশাপাশি গ্রাফিক ডিজাইনসহ সৃজনশীল বিভিন্ন ক্ষেত্রেও তাঁর আগ্রহ রয়েছে।
মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন ফ্লাভিয়া। দীপ্ত টিভিতে প্রচারিত ওয়েব সিরিজ ‘দ্য ক্রিমিনালস’-এ অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ভবিষ্যতে অভিনয়ে নিয়মিত কাজ করার পাশাপাশি নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলতে চান এই তরুণী।

তবে আট বছরের পথচলায় নানা বাধা ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। প্রতিকূল পরিস্থিতিতেও নিজের লক্ষ্য থেকে সরে আসেননি ফ্লাভিয়া। তাঁর বিশ্বাস, প্রতিভার পাশাপাশি কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস একজন শিল্পীকে সফলতার পথে এগিয়ে নিতে পারে।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফ্লাভিয়া জানান, আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক মডেলিং অঙ্গনে নিজের অবস্থান তৈরি করে বাংলাদেশের পরিচিতি তুলে ধরতে চান।
নিজের স্বপ্ন ও পরিশ্রমের কথা তুলে ধরে ফ্লাভিয়া বলেন, ‘এতটাই পরিশ্রম করো, যেন একদিন কেউ তোমার প্রতিভাকে উপেক্ষা করতে না পারে।’
দীর্ঘ আট বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মডেলিং ও অভিনয়ে নতুন সুযোগ তৈরি করতে চান ফ্লাভিয়া ইসলাম। তাঁর কাছে এ পথচলা শুধু পরিচিতি অর্জনের নয়, বরং নিজের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টা।