পহেলা বৈশাখ উপলক্ষে বৃহস্পতিবার (২ মে) রাজধানী কুয়ালালামপুরের ক্রাফ্ট সেন্টারে এ আয়োজন করে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দেশের কূটনৈতিকদের উত্তরীয় পরিয়ে দেন মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার মো. শামীম আহসান ও তার সহধর্মিণী মিসেস পান্ডারা চৌধুরী।

.png)
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মালয়েশিয়ার সাংস্কৃতিক কেন্দ্রের মহাপরিচালক, মিসেস পুয়ান জুবাইদাহ বিনতি মুখতার, বিশেষ অতিথি ছিলেন- মালয়েশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মিসেস নূর আতিকা জুলকেপলি।
পহেলা বৈশাখ ১৪৩১ বাংলা নববর্ষ বরণ করে নিতে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় মঙ্গল শোভাযাত্রা র্যালি অনুষ্ঠিত হয়। পরে নাচ, গান, ও নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা।

রাজধানী কুয়ালালামপুর ছাড়াও দেশটির বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসীরা পরিবার নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন। মালয়েশিয়া সরকারের পদস্থ কর্মকর্তা, সে দেশের ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য বক্তব্য রাখেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

প্রবাসের মাটিতে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ অনুষ্ঠানের আয়োজন। আগামীতে আরো বড় পরিসরে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হবে বলে জানান হাইকমিশনার মো. শামীম আহসান।
বৈচিত্রময় পোশাক ও বিচিত্র রং এর সমাহারে ভিন্ন আমেজ সৃষ্টি হয় পুরো আয়োজন জুড়ে। ভিনদেশী, ভিন্ন সংস্কৃতির প্রায় দুইশরও বেশি মানুষ অনুষ্ঠান উপভোগ করেন। অতিথিদের মুহুর্মুহু করতালিতে সিক্ত হন শিল্পীরা।