ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

সৌদিতে কর্মস্থলে যাওয়ার পথে ৩ বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১৯:১০, ১৪ জুন ২০২৪
সৌদিতে কর্মস্থলে যাওয়ার পথে ৩ বাংলাদেশি নিহত
নিহত তিনজন। ছবি: সংগৃহীত

সৌদি আরবের আল নাজদ অঞ্চলের আফিফ শহরে সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

এরা হলেন- সবুজ চৌকিদার (৩৮), মো. সাব্বির (২১) ও মো. রিফাত (২০)। তিনজনেরই বাড়ি চাঁদপুরে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তারা কাজের যাওয়ার সময় এ দুর্ঘটনার সম্মুখীন হন। 

নিহত তিনজনের মধ্যে সবুজের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম বিষকাঁটালি গ্রামে জামাল চৌকিদারের ছেলে তিনি। সাব্বির পার্শ্ববর্তী হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙা গ্রামের সৈয়াল বাড়ির মো. ইসমাইল ছৈয়ালের ছেলে এবং রিফাত আলগী উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

Advertisement

জানা গেছে, সাব্বির আর রিফাতকে কাজের জন্য সৌদি আরব নিয়ে যান সবুজ চৌকিদার। তিনি তাদেরকে নিয়ে আফিফ শহর ও আশপাশের এলাকায় ভবন নির্মাণের কাজ দেন। নিজেদের গাড়িতে তারা কাজে আসা-যাওয়া করতেন। 

গাড়ির চালক ছিলেন সবুজ। দুর্ঘটনার দিনও গাড়িটি সবুজ চালাচ্ছিলেন, এ তথ্য নিশ্চিত করেছেন তার বাবা জামাল চৌকিদার।

তিনি বলেন, সবুজ প্রায় ১৮ বছর সৌদিতে কাজ করেছে। বেশ কয়েকবার দেশেও এসেছে সে। তার স্ত্রী ও দুই মেয়ে আছে। তাদেরকেও ভ্রমণ ভিসায় কয়েকবার সৌদিতে নিয়েছে। সবশেষ দুই সপ্তাহ আগে দেশ থেকে স্ত্রী ও সন্তানদের সৌদিতে নিয়েছে। তারা এখন সৌদি আছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় সবুজসহ ৩ জনের দুর্ঘটনার খবর পাই। রাত ১০টায় সেখানে অবস্থানরত স্বজনদের মাধ্যমে জানতে পারি দুর্ঘটনার পর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সৌদি
লিংক সফলভাবে কপি হয়েছে!