স্থানীয় কমিউনিটি সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম খালিস মিয়া। তার দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।
নিহত খালিস মিয়াকে বাংলাদেশি অধ্যুষিত ওমোনিয়া এলাকা থেকে পুলিশের গাড়ির ক্ষতি করার অপরাধে আটক করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিনি একজন অনথিভুক্ত অভিবাসী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
.png)
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করেছে এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও অভিবাসন সংস্থাগুলো। এথেন্সের বাংলাদেশ দূতাবাস সোমবার ইনফোমাইগ্রেন্টসকে বলেছে, আমরা এটিকে আপাতত অপমৃত্যু হিসেবে দেখছি। বাকিটা তদন্তে শেষ জানা যাবে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে পুলিশ সদস্যরা নিহত খালিস মিয়াকে ফাঁসিতে ঝুলতে দেখতে পান। তাকে যে সেলে রাখা হয়েছিল, সেখানে আরো ১১ জন বন্দি ছিলেন। অভিবাসীর মৃত্যুর ঘটনা এথেন্সের প্রসিকিউটরকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে গ্রিক পুলিশ।
এ ছাড়া একজন মেডিক্যাল পরীক্ষক ও ফৌজদারি অধিদপ্তরের একটি ইউনিট ঘটনা তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গ্রিসে সদ্য দায়িত্ব নেওয়া বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা এ ঘটনার বিষয়ে সোমবার ইনফোমাইগ্রেন্টসকে বলেন, এ ঘটনায় আমি খুবই কষ্ট পেয়েছি। গ্রিসের মতো দেশে এটি মেনে নেওয়া কষ্টের। কর্তৃপক্ষ আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা তাদের কাছে বিস্তারিত জানতে চেয়েছি।
খালিস মিয়া মৃত্যুর প্রতিবাদে আগামী ১২ অক্টোবর ঘটনাস্থলে সামনে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশি কমিউনিটি ইন গ্রিস, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, অভিবাসন সংস্থা কেরফাসহ বেশ কয়েকটি সংগঠন।
উল্লেখ্য, গ্রিসে এ নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে দুইজন অভিবাসী পুলিশের হেফাজতে মারা গেলেন। গত মাসে একজন পাকিস্তানি অভিবাসী একই থানায় মারা গেলে এ বিষয়ে বিশদ তন্তের আদেশ দিয়েছেন দেশটির বিচার বিভাগ।