লেবানন থেকে দেশে ফিরতে অবৈধ প্রবাসীদের অনীহা!
চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে লেবানন থেকে বাংলাদেশে ফিরছেন দেশটিতে অবস্থানরত প্রবাসীরা। এখন পর্যন্ত সাতটি ফ্লাইটে ৩৩৮ জন বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। তবে কিছু অবৈধ প্রবাসী দেশে ফিরতে অনীহা প্রকাশ করেছেন।
দেশে ফিরতে অনীহা প্রকাশ করা বাংলাদেশিরা ভবিষ্যতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে বিমানযোগে দেশে আসতে পারবে না বলে জানিয়েছে দূতাবাস।
মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসের।
এতে বলা হয়, লেবাননে চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে যেসব অনিয়মিত প্রবাসী আইওএম’র ব্যবস্থাপনায় দেশে ফেরত যাবার বিষয়ে অনিচ্ছা প্রকাশ করেছেন, পরে দূতাবাসের ব্যবস্থাপনায় অথবা আইওএম’র মাধ্যমে বিমানযোগে দেশে ফেরত নেয়ার ব্যবস্থা করা সম্ভব হবে না। এছাড়াও ভবিষ্যতে তারা কোনো প্রকার আইনি জটিলতার সম্মুখীন হলে সব দায়-দায়িত্ব নিজেদের বহন করতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত সাতটি ফ্লাইটে ৩৩৮ জন বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ সরকারি ব্যয়ে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
প্রত্যাবাসন করা এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম।
আইওএম-এর কর্তৃপক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে পাঁচ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়।