আরও বেশি পরিবার পাবে স্কুল পোশাকের অনুদান
নতুন শিক্ষাবর্ষে শিশুদের স্কুল পোশাক কেনার ব্যয় অনেক পরিবারের জন্য বাড়তি চাপ তৈরি করছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সেই চাপ কমাতে স্কুল পোশাক অনুদানের পরিধি বাড়িয়েছে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনুদান পাওয়ার ক্ষেত্রে পরিবারের বার্ষিক সর্বোচ্চ আয়সীমা ৫০ হাজার ৩৫০ পাউন্ড থেকে বাড়িয়ে ৬০ হাজার পাউন্ড করা হয়েছে। ফলে আগের তুলনায় আরও বেশি পরিবার এই সহায়তার জন্য আবেদন করতে পারবে। পাশাপাশি শুধু নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী নয়, তৃতীয় ও দশম শ্রেণিতে ওঠা শিক্ষার্থীদেরও এবার কর্মসূচির আওতায় আনা হয়েছে।
.png)
সম্প্রসারিত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নজরুল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এ সময় তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন।
শিশুদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি তাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে এবং সেই লক্ষ্য অর্জনে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। মেয়র বলেন, জীবনে বড় কিছু অর্জনের জন্য স্বপ্ন দেখতে হবে এবং আশাবাদী থাকতে হবে। পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দেওয়ার সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের সম্মান করে তাদের পরামর্শ মেনে চলার ওপরও গুরুত্ব দেন তিনি।
টাওয়ার হ্যামলেটসের শিশু ও তরুণদের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচির কথাও তুলে ধরেন লুৎফুর রহমান। তিনি জানান, বিনামূল্যে স্কুল খাবার, প্রতিটি ওয়ার্ডে তরুণদের জন্য কেন্দ্র, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং যুব সেবায় বিনিয়োগের মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা চলছে, যেখানে পরিবারের আর্থিক সামর্থ্য কোনো শিশুর অগ্রগতির পথে বাধা না হয়।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ ৫০ পাউন্ড এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ ১৫০ পাউন্ড পর্যন্ত স্কুল পোশাক অনুদান পাবে। গত বছর কর্মসূচি চালুর পর এখন পর্যন্ত ৪ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থী এ সুবিধা পেয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৬০০ জন প্রাথমিক এবং ৩ হাজার জন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।
শিক্ষাবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ফয়সল আহমেদ বলেন, প্রতিটি শিশু যেন নতুন শিক্ষাবর্ষ আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করতে পারে, সেটিই তাদের লক্ষ্য। পরিবারের আর্থিক সংকটের কারণে কোনো শিশু যাতে শিক্ষা ও বিদ্যালয়ের কার্যক্রমে অংশগ্রহণ থেকে পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুদানের সুফল পাওয়ার অভিজ্ঞতাও জানিয়েছেন স্থানীয় এক অভিভাবক। বেথনাল গ্রিনের বাসিন্দা মোহাম্মদ চৌধুরীর মেয়ে লতিফা সম্প্রতি বোনার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছে। তিনি জানান, মেয়ের নতুন স্কুলের পোশাক কেনার বড় একটি অংশের ব্যয় এই অনুদান দিয়ে মেটাতে পেরেছেন। আরও বেশি পরিবারের কাছে এ সুবিধার তথ্য পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
কবি নজরুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলিন্ডা কিং বলেন, স্কুলের পোশাক শিশুদের মধ্যে সমতা, আত্মবিশ্বাস ও একাত্মতার অনুভূতি তৈরি করে। তাই আর্থিক চাপে থাকা পরিবারগুলোর জন্য এই সহায়তা গুরুত্বপূর্ণ।
সেন্ট পলস ওয়ে ট্রাস্ট স্কুলের প্রধান শিক্ষক ফিরদাউসি উদ্দিনও মনে করেন, পোশাকের অনুদান পরিবারের ব্যয় কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে অংশগ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য স্কুল পোশাক অনুদানের আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতার বিস্তারিত তথ্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।