বিচারের আগেই আলাবামার সঙ্গে টিকটকের সমঝোতা
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে টিকটকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে আলাবামার মামলাটি প্রথম বিচারপর্যায়ে যাওয়ার কথা ছিল। তবে বিচার শুরুর আগেই অঙ্গরাজ্যটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে টিকটক।
২৫ সেপ্টেম্বর আলাবামার অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শাল জানান, টিকটক অঙ্গরাজ্যটিকে অন্তত ১০ কোটি ডলার দেবে। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে এই অর্থের পরিমাণ ৩০ কোটি ডলার পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি কিশোর ব্যবহারকারীদের নিরাপত্তায় প্ল্যাটফর্মে বেশ কিছু পরিবর্তন আনার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।
.png)
মন্টগোমারির অঙ্গরাজ্য আদালতে সোমবার থেকে মামলাটির বিচার শুরু হওয়ার কথা ছিল। এর আগে আদালত ২৮ সেপ্টেম্বর বিচার শুরুর তারিখ নির্ধারণ করেছিল। বিচার হলে এটি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে চলমান মামলাগুলোর মধ্যে টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো অঙ্গরাজ্যের মামলা হিসেবে জুরি পর্যন্ত গড়াত।
রিপাবলিকান পার্টির সদস্য আলাবামার অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শাল ২০২৫ সালে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিরুদ্ধে মামলাটি করেন। এতে তরুণদের আসক্ত করে এমনভাবে প্ল্যাটফর্ম ডিজাইন করা, ক্ষতিকর কনটেন্টের ঝুঁকি এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়।
তরুণদের আসক্ত করার অভিযোগ
আলাবামার মামলায় অভিযোগ করা হয়েছিল, টিকটকের অবিরাম ভিডিও সরবরাহ ও অ্যালগরিদমভিত্তিক কনটেন্ট ব্যবস্থা তরুণদের অতিরিক্ত ব্যবহারে উৎসাহিত করে। অঙ্গরাজ্যটির দাবি ছিল, অ্যালগরিদম তরুণ ব্যবহারকারীদের সহিংসতা ও আত্মহানিসংক্রান্ত কনটেন্টের দিকেও নিয়ে যেতে পারে এবং এর ফলে তাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মামলায় আরও অভিযোগ করা হয়, কিশোরদের যৌন ও সহিংস কনটেন্ট থেকে দূরে রাখার বিষয়ে টিকটক বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। অ্যাপ স্টোরগুলোতে টিকটককে কিশোরদের জন্য নিরাপদ হিসেবে উপস্থাপনের ক্ষেত্রেও এসব দাবির প্রভাব ছিল বলে অভিযোগ করে আলাবামা।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের কাছে যাওয়ার সুযোগ নিয়ে টিকটক ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে বলেও মামলায় অভিযোগ করা হয়। অঙ্গরাজ্যটি এসব অভিযোগের ভিত্তিতে আর্থিক জরিমানাসহ বিভিন্ন প্রতিকার চেয়েছিল।
অন্যদিকে টিকটক বলেছে, কিশোরদের নিরাপত্তা প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ফেডারেল ‘কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্ট’-এর ২৩০ ধারার আইনি সুরক্ষার কথাও আদালতে তুলে ধরেছিল।
সমঝোতায় যেসব পরিবর্তন
সমঝোতা অনুযায়ী, আলাবামায় কিশোর ব্যবহারকারীদের জন্য টিকটকে দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা ব্যবহারের সীমা থাকবে। অভিভাবকেরা চাইলে এ সময় আরও কমাতে পারবেন। টানা ব্যবহারের সময় ১৫, ৬০ ও ৯০ মিনিটে ‘প্রোডাক্টিভ পজ’ দেওয়া হবে।
এ ছাড়া রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিশুদের ব্যবহারে বিধিনিষেধ, রাত ও স্কুল চলাকালে মেসেজিং ও পুশ নোটিফিকেশনে সীমাবদ্ধতা, বয়স যাচাইয়ের ব্যবস্থা জোরদার এবং কিশোরদের জন্য ডিফল্ট নন-পার্সোনালাইজড ফিড চালুর মতো পদক্ষেপ নেওয়া হবে। কিশোরদের কসমেটিক ফিল্টার ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা থাকবে।
এই সমঝোতার ফলে আলাবামায় টিকটকের বিরুদ্ধে নির্ধারিত বিচার আর হচ্ছে না। প্রতিষ্ঠানটির কার্যক্রম ও অ্যালগরিদম নিয়ে আদালতে বিস্তারিত তথ্য প্রকাশের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সমঝোতার কারণে সেই বিচারিক প্রক্রিয়াও আর এগোচ্ছে না।