ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষক প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষক প্রার্থীরা
সংগৃহীত ছবি

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন তারা।

Advertisement

আন্দোলনকারীরা জানান, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও বিভিন্ন কারণে যারা নিয়োগপত্র পাননি, তাদের দ্রুত নিয়োগ দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

গত ২৪ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়। তবে বিভিন্ন জেলায় শত শত প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি বলে দাবি আন্দোলনকারীদের। এতে তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫’ প্ল্যাটফর্মের দাবি, ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ হাজার ৫০০-এর বেশি প্রার্থীর নিয়োগপত্র ইস্যু হয়নি।

একই অভিযোগ করেছে ‘কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫’। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও যারা নিয়োগ থেকে বাদ পড়েছেন, তাদের বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে প্রকাশসহ পাঁচ দফা দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

এর আগে ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য তিন জেলা বাদে অনুষ্ঠিত ওই পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

পরে ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। একই সঙ্গে জেলা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!