ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
৯০০ রোগীর জন্য বরাদ্দ ১০০ জনের খাবার-ওষুধ

নাটোর হাসপাতালে চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮, ১৮ অক্টোবর ২০২৬
নাটোর হাসপাতালে চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হুইপ দুলু
নাটোর আধুনিক সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবার মান, ওষুধের সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ ও চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, শৌচাগার, রান্নাঘর ও পুরো চত্বর ঘুরে দেখেন হুইপ দুলু। পরে সাংবাদিকদের তিনি বলেন, কাগজে-কলমে ১০০ শয্যার হাসপাতালটি বর্তমানে প্রায় ২৫০ শয্যার মতো পরিচালিত হচ্ছে। অথচ জনবল, খাবার ও ওষুধের বরাদ্দ রয়েছে ১০০ রোগীর জন্য। হাসপাতালে প্রায় ৯০০ রোগী ভর্তি থাকায় এ সীমিত বরাদ্দ দিয়ে সেবা চালানো অত্যন্ত অমানবিক ও কষ্টদায়ক।

হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি ওষুধ ও খাবারের বরাদ্দ অবিলম্বে বৃদ্ধির জন্য স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

চিকিৎসকদের অনুপস্থিতিতে শোকজের নির্দেশ

পরিদর্শনের সময় সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অপেক্ষা করেও অনেক চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে পাননি বলে জানান হুইপ দুলু। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি সিভিল সার্জনকে নির্ধারিত সময়ে উপস্থিত না থাকা ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্তের সুপারিশ করবেন বলেও সতর্ক করেন তিনি।

হাসপাতালের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্বে থাকা সিভিল সার্জনকে প্রতিদিন সকাল সাড়ে ৮টার মধ্যে হাসপাতালে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন হুইপ। পাশাপাশি দ্রুত একজন পূর্ণাঙ্গ তত্ত্বাবধায়ক নিয়োগের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন তিনি।

শৌচাগার ও রান্নাঘর পরিচ্ছন্ন রাখার নির্দেশ

হাসপাতালের শৌচাগারগুলোর অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন হুইপ দুলু। তিনি বলেন, চিকিৎসা নিতে এসে রোগীরা যদি অপরিচ্ছন্ন শৌচাগার ব্যবহার করেন, তাহলে তাদের অসুস্থতা আরও বাড়তে পারে। এ সময় শৌচাগার ও রান্নাঘর সার্বক্ষণিক পরিষ্কার রাখার নির্দেশ দেন তিনি। এ কাজে অবহেলা পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।

সরকারি ওষুধ না পাওয়ার অভিযোগ

পরিদর্শনের সময় রোগীরা বিনামূল্যে সরকারি ওষুধ না পাওয়া এবং অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হওয়ার অভিযোগ করেন। এ বিষয়ে হুইপ দুলু বলেন, ওষুধের বাজেট বৃদ্ধি ও জরুরি বরাদ্দের জন্য তিনি নিজে অর্থ সচিবের সঙ্গে কথা বলেছেন। শিগগিরই সরকারি বরাদ্দ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের বেসরকারি চেম্বারে পাঠানো এবং ব্যক্তিগতভাবে চিকিৎসা দেওয়ার জন্য কিছু চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সিভিল সার্জনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

হাসপাতালে দালালদের তৎপরতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোগী ভর্তি বা চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে সরাসরি তাকে জানানোর আহ্বান জানান তিনি।

দুলু বলেন, রোগীরা যেন কোনো দালালের প্ররোচনায় না পড়েন। চিকিৎসার নামে কেউ এক টাকাও দাবি করলে তাকে জানাতে হবে। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের পরিণতি হবে কারাগার।

সবশেষে হুইপ বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ। নাটোরের সাধারণ মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সমস্যা সমাধান ও প্রয়োজনীয় সংস্কারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/নাটোর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!