চারতলা বাড়ি ভেঙে পড়ল রাস্তার পাশের খালে
খাল সংস্কারের সময় একটি চারতলা বাড়ি ভেঙে খালের মধ্যে পড়ে গেছে। শনিবার ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার নিশ্চিন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় গোমরাই খালের সংস্কার কাজ চলছিলো। খালের পাড়েই রাস্তা। তার পাশেই চারতলা বাড়ি।
সকালে বাড়ির একাংশে ফাটল দেখা দিলে বিপদের আশঙ্কা টের পেয়ে বাড়ির মালিক নিমাই সামন্ত সপরিবারে বাড়ি ছাড়েন। এর কিছুক্ষণ পরই চারতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খালের মধ্যে।
বাড়ির মালিক নিরাপদে পরিবারসহ সরে যেতে পারলেও আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র কিছুই বাড়ি থেকে বের করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির নীচে ৪ টি দোকান ছিল। হঠাৎ দুর্ঘটনার কারণে দোকানের মালপত্রও বের করা যায়নি।
প্রাণহানীর ঘটনা না ঘটলেও গ্রামবাসীদের অভিযোগ, অবৈজ্ঞানিক পদ্ধতিতে খাল সংস্কার হচ্ছিলো। তবে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সেচ দফতরের কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন।
ভিডিওটি দেখুন এখানে...
ডেইলি বাংলাদেশ/জেএইচএফ