ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সুয়েজ খালে আটকে যাওয়া জাহাজকে সরাতে যা করা হলো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:১১, ২৯ মার্চ ২০২১
সুয়েজ খালে আটকে যাওয়া জাহাজকে সরাতে যা করা হলো
ছবি: সংগৃহীত

মিসরের সুয়েজ খালে আটকে থাকা এভার গিভেন নামের জাহাজটি পুরোপুরি মুক্ত হয়েছে। এটি এখন খালে সোজাসুজি অবস্থায় ভাসমান রয়েছে। সোমবার মিসর সরকারের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

৪০০ মিটার লম্বা এভার গিভেনকে আটকে পড়া অবস্থা থেকে সরিয়ে আনতে কয়েক দিন ধরে চেষ্টা করে যাচ্ছিল কর্মীরা। একে ভাসানো গেলেও ঠিক কবে থেকে সুয়েজ খালে জাহাজ চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

জাহাজটিকে ভাসাতে বেশ বেগ পেতে হয়েছে কর্মীদের। এ কাজে ব্যবহার করতে হয়েছে বেশ কিছু টাগবোট ও ড্রেজার।

Advertisement

এভারগ্রিন নৌবহরের অংশ এভার গিভেন আটকে পড়ায় আফ্রিকার অন্য নৌপথ ব্যবহার করে চলতে হয়েছে বিভিন্ন জাহাজকে।

জাহাজটিকে উদ্ধারে কয়েক দিনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর রোববার খালের কর্মকর্তারা এর লোড কমাতে ২০ হাজার কনটেইনার সরানোর কাজ শুরু করেন।

উদ্ধার তৎপরতা নিয়ে বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছিলেন, এ ধরনের অভিযানে বিশেষায়িত যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। এর মধ্যে রয়েছে ২০০ ফুট উঁচু ক্রেন।

তারা বলেছিলেন, উদ্ধারকাজ শেষ করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

জানা গেছে, প্রবল বাতাস ও ধূলিঝড়ে চারপাশ ঝাপসা হয়ে যাওয়ায় গত মঙ্গলবার সকালে খালপারের সঙ্গে লেগে যায় ১ হাজার ৩০০ ফুট লম্বা ও দুই লাখ টন ওজনের জাহাজটি। ওই দিনই উদ্ধারকারী বিশেষজ্ঞ দল এনে জাহাজটিকে ভাসানোর চেষ্টা শুরু হয়।

এশিয়া ও ইউরোপের মধ্যে স্বল্পতম সময়ে যাতায়াতের পথ সুয়েজ খাল। বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ হয় ১৯৩ কিলোমিটার খালের মাধ্যমে।

সুয়েজের বিকল্প পথ দক্ষিণ আফ্রিকার ‘কেপ অফ গুড হোপ’ নামের অন্তরীপ। এ পথ দিয়ে জাহাজগুলোর গন্তব্যে পৌঁছাতে দুই সপ্তাহ বেশি সময় লাগতে পারে।

বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, সুয়েজ খাল আটকে কয়েক দিন ধরে পণ্য সরবরাহ বিঘ্নিত হওয়ায় এর প্রভাব পড়েছে ইউরোপের বাজারে। এর ক্ষতি সামলে উঠতে কয়েক মাস সময় লাগতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!