ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বেলারুশ এড়ানোয় ফ্রান্স ও অস্ট্রিয়ার ৬টি ফ্লাইট আটকে দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২২, ২৮ মে ২০২১
বেলারুশ এড়ানোয় ফ্রান্স ও অস্ট্রিয়ার ৬টি ফ্লাইট আটকে দিল রাশিয়া
ছবি: সংগৃহীত

বেলারুশের আকাশসীমা এড়িয়ে মস্কো যাওয়ার পরিকল্পনা করা ইউরোপের দুটি এয়ারলাইন্সের অন্তত ছয়টি ফ্লাইটকে নিজেদের ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেয়নি রাশিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এয়ার ফ্রান্স ও অস্ট্রিয়ান এয়ারলাইন্সের পাঠানো ফ্লাইটগুলোর যাত্রাপথ সংক্রান্ত পরিকল্পনা রাশিয়া প্রত্যাখ্যান করায় এয়ারলাইন্স দুটিকে শেষ পর্যন্ত তাদের সেই ফ্লাইটগুলো বাতিল করতে হয়েছে।

সম্প্রতি বেলারুশের সরকার লিথুনিয়ার পথে থাকা রায়ানএয়ারের একটি যাত্রীবাহী বিমানের গতিপথ ঘুরিয়ে সেটিকে জোর করে মিনস্কে নামানোর পর এর প্রতিবাদে বেশ কয়েকটি এয়ারলাইন্স বেলারুশের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়।

Advertisement

রায়ানএয়ারের বিমানটি মিনস্কে নামানোর পর বেলারুশের কর্তৃপক্ষ ওই বিমানে থাকা ভিন্নমতাবলম্বী এক সাংবাদিক ও তার বান্ধবীকে গ্রেপ্তার করে।

রাশিয়া বেলারুশের ঘনিষ্ঠ মিত্র। বিমান নামানোকে কেন্দ্র করে মিনস্কের সঙ্গে পশ্চিমা দেশগুলোর যে বিরোধ চলছে, তাতেও যে মস্কো তার মিত্রের পাশেই আছে, ফ্লাইট আটকে দেওয়ার ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে বলে ভাষ্য পর্যবেক্ষকদের।

তবে বেলারুশের আকাশসীমা এড়িয়ে রাশিয়া যাওয়ার চেষ্টা করা সব ফ্লাইটের প্রবেশের অনুমতিই বাতিল হবে কিনা, সে বিষয়ে রাশিয়া এখনো মন্তব্য করেনি।

রায়ানএয়ারের বিমান জোর করে মিনস্কে নামানোর প্রতিক্রিয়ায় এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য তাদের আকাশসীমায় বেলারুশের এয়ারলাইন্সগুলোকে নিষিদ্ধ করেছে; দেশটিতে ২৭ বছর ধরে প্রেসিডেন্ট পদে থাকা আলেকজান্ডার লুকাশেঙ্কো ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর আরও নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে বলেও জানিয়েছে তারা।

ইউরোপের আকাশসীমায় নিষিদ্ধ হওয়ায় বেলারুশের এয়ারলাইন্স বেলভিয়াকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আমস্টারডাম, বার্সেলোনা, বার্লিন, ব্রাসেলস, ফ্রাঙ্কফুর্ট, হ্যানোভার, কালিনিনগ্রাদ, মিলান, মিউনিখ, রোম, ভিয়েনা ও ওয়ারশ রুটে ফ্লাইট পরিচালনা বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বেশ কয়েকটি ইউরোপীয় এয়ারলাইন্স বেলারুশে যাত্রা কিংবা তার আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। এ পদক্ষেপে বেলারুশের সরকার আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে অনুমান করা হচ্ছে।

ইউরোপীয় এয়ারলাইন্সগুলোর এ সিদ্ধান্তের পাল্টায় মস্কো বেলারুশের আকাশসীমা এড়িয়ে রাশিয়ায় ঢুকতে চাওয়া এয়ার ফ্রান্স ও অস্ট্রিয়ান এয়ারলাইন্সের ৬টি ফ্লাইটকে প্রবেশে অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।

এর ফলে এয়ার ফ্রান্স প্যারিস ও মস্কোর মধ্যে ৪টি ফ্লাইট বাতিলে বাধ্য হয়। এসব ফ্লাইটের অনেক যাত্রীকে তখন টিকেট পাল্টে রাশিয়ার এয়ারলাইন্স অ্যারোফ্লটের টিকেট কিনতে হয়।

রাশিয়া অনুমতি না দেয়ায় অস্ট্রিয়ান এয়ারলাইন্সের দুটি ফ্লাইটও ‘গ্রাউন্ডেড’ হয়। এর মধ্যে একটি বিমানের ভিয়েনা থেকে মস্কোতে যাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল। অন্য যে ফ্লাইটটি বাতিল হয়েছে, সেটি চীনের নানজিং থেকে ভিয়েনায় মালামাল নিয়ে যেত।

মস্কোর ফ্লাইট আটকে দেয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে অস্ট্রিয়া ও ফ্রান্স।

বৃহস্পতিবার বেলারুশের আকাশে অল্প কিছু বিমানের ওড়াওড়ি ছিল বলে জানিয়েছে ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোর। সবগুলোই বেলারুশ ও রাশিয়ার এয়ারলাইন্সের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!