প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত সি-১৩০ বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে মোট ৮৫ জন ছিল। এখন পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত বিমানটি সেনাদের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের কাজে নিয়োজিত ছিল।
ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল কিরিলিতো সোবেজানা জানিয়েছেন, বিমানটিতে ৮৫ জন আরোহী ছিলেন এবং ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে সেটা বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর সেখান থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।
.png)
তিনি আরো বলেন, অধিকাংশ সেনাই গুরুতর আহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার মূল কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।
সোবেজানা সাংবাদিকদের বলেন, এটি খুব দুর্ভাগ্যজনক। বিমানটি ল্যান্ডিংয়ের সময় রানওয়ে মিস করে ফেলে এবং ফের উড়ার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে বিধ্বস্ত হয়।
জানা গেছে, বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ছড়িয়ে পড়া একটি ছবিতে দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। সামরিক ও বেসামরিক উদ্ধারকর্মীরা এখন সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি উদ্ধার কাজ পরিচালনা করছেন।