ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিলিন্ডার পাল্টাতে দেরি, ইন্দোনেশিয়ায় অক্সিজেন সংকটে ৬৩ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩, ৫ জুলাই ২০২১
সিলিন্ডার পাল্টাতে দেরি, ইন্দোনেশিয়ায় অক্সিজেন সংকটে ৬৩ রোগীর মৃত্যু
ছবি: সংগৃহীত

অক্সিজেন সংকটের কারণে ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে ৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশটির জাভা দ্বীপের ইয়গ্যাকার্তা শহরের একটি সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। 

সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, শনিবার ইয়গ্যাকার্তা শহরের ড. সার্দজিতো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের ইউনিটে তরল অক্সিজেন সরবরাহের কেন্দ্রীয় ব্যবস্থা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে ৩৩ জন করোনা রোগীর মৃত্যুর কথা প্রকাশ হলেও রোববারের প্রতিবেদনে অক্সিজেন সংকটে মৃত রোগীর সংখ্যা ৬৩ বলে জানায় ভয়েস অব আমেরিকা।

জানা গেছে, অক্সিজেন সংকট কাটানোর জন্য হাসপাতালের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করেন। তবে তারা ৬৩ জন রোগীর জীবন বাঁচাতে ব্যর্থ হন।

Advertisement

এক বিবৃতিতে হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত বলেন, হাসপাতালে ইয়গ্যাকারতা আঞ্চলিক পুলিশের দেয়া ১০০ সিলিন্ডারসহ আরো কিছু অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা চলছিল। তবে শেষ পর্যন্ত দেরি হয়ে যায়।

সাম্প্রতিক সময়ে ইয়গ্যাকারতা শহরসহ ইন্দোনেশিয়া জুড়েই করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। এ কারণে হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস জানায়, ইন্দোনেশিয়ার সোমবার সকাল পর্যন্ত ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। মারা গেছে ৬০ হাজার ৫৮২ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!