ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিস্তিনি শিশুকে গুলি করে মারল ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২০, ২৯ জুলাই ২০২১
ফিলিস্তিনি শিশুকে গুলি করে মারল ইসরায়েলি সেনারা
ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনার এলোপাতাড়ি গুলিতে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতেই ওই শিশুটির মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার এক বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় হেবরন শহরের দিকে যাওয়ার সময় বেইত ওমর শহরে মৃত্যু হয় মোহাম্মদ আল আলামি নামে ১৩ বছর বয়সী ওই শিশুটির। সে সময় শিশুটি তার বাবার সাথে গাড়িতে করে যাচ্ছিল। ইসরায়েলি সেনার এলোপাতাড়ি গুলি তার বুকে লাগে।

ওই শহরের মেয়র নাসরি সাবারনেহ সংবাদমাধ্যমকে জানান, মোহাম্মদ এবং তার বোনকে নিয়ে তার বাবা গাড়ি চালিয়ে যাচ্ছিল। সে সময় কিছু কেনার জন্য একটি দোকানের সামনে গাড়ি থামাতে বলে মোহাম্মদ। পরে তার বাবা ইউটার্ন নিয়ে গাড়ি থামানোর সময় কাছাকাছি থাকা ইসরায়েলি সেনা চিৎকার করতে থাকে এবং তাকে থামতে বলে। এক পর্যায়ে তারা ওই গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। সে সময় গুলি এসে মোহাম্মদের বুকে লাগে।

Advertisement

সাবারনেহ জানান, তিনি ওই পরিবারটিকে চেনেন, তারা শহরেই থাকেন। এই ঘটনায় গাড়িতে থাকা মোহাম্মদের বাবা এবং বোন সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন।

এর আগে গত শনিবার (২৪ জুলাই) ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর মারা গেছেন। এ ঘটনার কয়েকদিন আগেই সে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে মোহাম্মদ মুনির আল তামিমি নামে ওই কিশোরের।

এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে- ওই কিশোর ফিলিস্তিনের বেইতায় বিক্ষোভে অংশ নিয়েছিল। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে গত শুক্রবার থেকেই বিক্ষোভ করে যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি।

অন্যদিকে রেড ক্রিসেন্ট জানিয়েছে, বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘাতে ৩২০ ফিলিস্তিনি আহত হয়েছে। এছাড়া গত মঙ্গলবার (২৭ জুলাই) বেইতার কাছে ৪১ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!