ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ফ্রিজ খুলেই পেলেন লাখ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক    
প্রকাশিত: ১৩:২১, ১৬ আগস্ট ২০২১
ফ্রিজ খুলেই পেলেন লাখ লাখ টাকা
ফ্রিজের ভেতর পাওয়া অর্থ। ছবি: সংগৃহীত

কথায় আছে না ওল্ড ইজ গোল্ড। এমনই এক কাণ্ড ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে সকালে ঘুম থেকে উঠেই এক ব্যক্তি ফ্রিজ পরিষ্কার করছিলেন। এক পর্যায়ে ফ্রিজের মধ্যে দেখতে পেলেন কয়েকটি বাণ্ডিল। আর এগুলোর ভেতরই পেলেন লাখ লাখ টাকা!

মার্কিন সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এ অর্থ নিজের কাছে না রেখে পুলিশের কাছে হস্তান্তর করেন ওই ব্যক্তি।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার জেজু আইল্যান্ডের ওই বাসিন্দা ৬ আগস্ট অনলাইনে একটি পুরোনো ডিপ ফ্রিজ কেনেন। ফ্রিজটি বাসায় আসার পর ভেতরটা পরিষ্কার করছিলেন তিনি। এ সময় ফ্রিজের একেবারে তলায় টেপ দিয়ে মোড়ানো লুকানো অবস্থায় অর্থের বান্ডিল দেখতে পান। সেই অর্থের পরিমাণ ১ কোটি ১০ লাখ উয়ন (দক্ষিণ কোরীয় মুদ্রা), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা। তবে এ অর্থ পাওয়ার পর পুলিশকে খবর দেন তিনি। পরে পুলিশের কাছে তা তুলে দেন।

তবে পুরোনো ফ্রিজের ভেতর এত অর্থ কীভাবে এল, তা তদন্ত করে দেখছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলেছেন, ফ্রিজটি অনলাইনে যিনি বিক্রি করেছেন, তাকে শনাক্ত করার কাজ চলছে। এছাড়া ফ্রিজ পরিবহন ও হস্তান্তরে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন তারা। তদন্তে যুক্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, পুরোনো ফ্রিজের ভেতর অর্থ পাওয়ার ঘটনা আসলে বিরল। এ রকম ঘটনা তিনি তার চাকরিজীবনে দেখেননি।

দক্ষিণ কোরিয়ার লস্ট অ্যান্ড ফাউন্ড অ্যাক্ট অনুযায়ী, ফ্রিজে পাওয়া অর্থের প্রকৃত মালিক না পাওয়া গেলে যিনি ফ্রিজটি কিনেছেন, তিনি ওই অর্থ পাবেন। তবে এই অর্থের সঙ্গে কোনো অপরাধের ঘটনা জড়িত থাকলে তা সরকারি কোষাগারে জমা হবে।

দেশটির সংবাদপত্র কোরিয়ান টাইমস জানায়, ব্যাংকে সুদের হার কম হওয়ায় দক্ষিণ কোরিয়ায় ফ্রিজের মধ্যে অর্থ রাখার প্রবণতা রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!