ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রথমবারের মতো হরিণের দেহে পাওয়া গেল করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ২৯ আগস্ট ২০২১
প্রথমবারের মতো হরিণের দেহে পাওয়া গেল করোনাভাইরাস
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এবার হরিণের দেহে পাওয়া গেল করোনার জন্য দায়ী সার্স-কোভ-২ ভাইরাস। এর ফলে করোনায় আক্রান্ত প্রাণীদের তালিকা আরো দীর্ঘ হলো।

ওহাইওর একটি প্রদেশে সাদা-লেজযুক্ত বুনো হরিণের দেহে করোনার এ ভাইরাস খুঁজে পেয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার (ইউএসডিএ) । গত শুক্রবার দেওয়া বার্তায় এ সংস্থা জানায়, এ রোগের কোনো লক্ষণ দেখা যায়নি প্রাণীগুলোর দেহে।

সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া একটি ইমেইল-বার্তায় ইউএসডিএ মুখপাত্র লিন্ডসি কোল লিখেছেন, হরিণগুলো কী করে সার্স-কোভ-২ ভাইরাসের সংস্পর্শে এলো, তা আমাদের জানা নেই। তবে, এ হরিণগুলো মানুষ কিংবা তাদের আশেপাশের পরিবেশ অথবা অন্য কোনো প্রজাতির প্রাণীর সংস্পর্শে এসে করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে।

Advertisement

এর আগে কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, চিতা, গরিলা প্রভৃতি প্রাণীর দেহে করোনাভাইরাস শনাক্তের রিপোর্ট করেছিল ইউএসডিএ। এ সংস্থার মতে, যেসব প্রজাতির প্রাণী এ পর্যন্ত এ ভাইরাসে সংক্রমিত হয়েছে, সেগুলোর বেশিরভাগই সচরাচর মানুষের সংস্পর্শে থাকে।

করোনার অ্যান্টিবায়োটিক তৈরির উদ্দেশ্যে পরীক্ষিত সিরাম স্যাম্পল বিশ্লেষণ করে দেখা যায়, ইলিনয়, মিশিগান, নিউইয়র্ক এবং পেনসিলভিনিয়ার সাদা-লেজযুক্ত হরিণ ইতোমধ্যে ভাইরাসটির সংস্পর্শে এসেছে।

এদিকে, গবেষণাকাজের জন্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি কলেজ অব ভেটেরিনারি মেডিসিন গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের সময়কালে আক্রান্ত হরিণের দেহ থেকে নমুনা সংগ্রহ করে।

প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের টেস্টে এ নমুনাগুলো পজিটিভ হিসেবে ধরে নেয়া হয়, এবং পরবর্তীকালে ইউএসডিএ'র ন্যাশনাল ভেটেরিনারি সার্ভিসেস ল্যাবরেটরিতে পরীক্ষার পর তা নিশ্চিত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!