ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মহাকাশে হারিয়ে গেল চীনা স্যাটেলাইট
উৎক্ষেপণের পর যান্ত্রিক গোলযোগের কারণে পৃথিবীর কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়ে মহাকাশেই হারিয়ে গেছে চীনের একটি উপগ্রহ। দেশটির পক্ষ থেকে এ বিষয়টি স্বীকার করা হয়েছে।
গত সোমবার দক্ষিণ চীনের সিচ্যাং উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে শিয়ান-১০ নামের ওই উপগ্রহটিকে লং মার্চ-৩বি রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয়। এর কয়েক ঘণ্টা আগেই দেশটির জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে জিলিন-১ গাওফেন-০২ডি নামে আরেকটি উপগ্রহকে কুয়াইঝাউ-১এ রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয়।
স্পেস ডটকম বলছে, জিলিন-১ গাওফেন-০২ডি উপগ্রহটি মহাকাশে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে সফলভাবে পৃথিবীর একটি কক্ষপথে স্থাপিত হয়। তবে কোনো হদিস পাওয়া যাচ্ছিল না শিয়ান-১০ উপগ্রহটির। শিয়ান-১০ উৎক্ষেপণের কিছু সময় পরই বিশাল আগুনের গোলা দেখা যায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের আকাশে। ওই সময়ই সন্দেহ জাগে চীনা উপগ্রহটি নিয়ে।
এক টুইট বার্তায় স্পেস নিউজ জানিয়েছে, লং মার্চ-৩বি রকেটের একেবারে শেষ স্তরের খোলটি জ্বলে গিয়েছিল। ফলে আকাশে আগুনের গোলা দেখা যায়।