ইদুক্কির বাসিন্দা শিবা দুই সন্তানের মা। তার প্রেমিক অরুণ কুমারের বয়স ২৮। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার শিবা এসিড ছোড়েন অরুণের মুখে। তাতে গুরুতর আহত হয়ে অরুণ এখন তিরুঅনন্তপুরমের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে।
শিবা এবং অরুণের আলাপ ফেসবুকে। সেখান থেকেই প্রেম। তবে শিবা যে বিবাহিতা এবং দুই সন্তানের মা, তা জানতেন না অরুণ। বিষয়টি গোপন করে গিয়েছিলেন শিবা নিজেই। প্রকাশ্যে আসতেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার কথা জানিয়ে দেন অরুণ। শিবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। আর তাতেই বাধে বিপত্তি।
.png)
শিবা প্রথমে অরুণকে হুমকি দিতে শুরু করেন। পরে সম্পর্ক শেষ করার মূল্য হিসেবে টাকাও দাবি করেন অরুণের কাছ থেকে। গেল মঙ্গলবার সেই টাকা দিতেই অরুণ শিবার সঙ্গে দেখা করতে আসেন আদিমালির একটি গির্জায়। সেখানেই অ্যাসিড ছুড়ে হামলা করেন শিবা।
ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে রোববার। তাতে দেখা গেছে গির্জা চত্বরে এক বন্ধু এবং ভগ্নীপতির সঙ্গে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অরুণ। আচমকাই পেছন থেকে অরুণকে এসিড নিক্ষেপ করেন শিবা। পুলিশ বাদী হয়ে শিবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পরে রোববার শিবাকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা