২৩ কোটি টাকার লটারি জিতে কপাল খুললো ভারতীয় নাগরিকের
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘বিগ টিকিট’ নামের একটি লটারির ড্রয়ে ১০ মিলিয়ন দিরহাম (২৩ কোটি টাকার বেশি) জিতেছেন ভারতীয় প্রবাসী রঞ্জিথ ভেনুগোপালান।
শুক্রবার (৩ ডিসেম্বর) তিনি এ লটারি জেতেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ টুডে।
৪২ বছর বয়সী রঞ্জিথ ভারতের কেরেলার নাগরিক। গত ২৭ নভেম্বর অনলাইনে ২৩৪ সিরিজে টিকিটটি কিনেছিলেন তিনি, যার নম্বর ০৫২৭০৬।
.png)
এ ছাড়া দ্বিতীয় পুরস্কার ১ মিলিয়ন দিরহাম (২ কোটির বেশি) জিতেছেন আল আইনের বাসিন্দা আব্দুল মাজিদ। সেও ভারতীয় প্রবাসী।
ভেনুগোপালন ১২ বছর ধরে ওমানে বসবাস করছেন। তিনি একটি রিয়েল এস্টেট কোম্পানিতে হিসাবরক্ষক পদে কর্মরত আছেন।
শুক্রবার ড্রয়ের পর গাল্ফ নিউজকে ভেনুগোপালন জানান, তিনি দ্বিতীয় বার টিকিট কিনেছিলেন। বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। ইশ্বর মহান! পুরাতন বছর শেষে নতুন বছরকে স্বাগত জানাতে এটা ছিলো সেরা উপহার।’
ভেনু আরও জানান, পরিবারে তার পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। তার প্রথম পরিকল্পনা, পুরস্কারের টাকা মেয়ের পড়াশোনার পেছনে ব্যয় করবেন। এ ছাড়া কেরালায় একটি বাড়িও তৈরি করার কথাও জানান।
এদিকে, বিগ টিকিট ২০২২ সালের জানুয়ারিতে ২৩৫ সিরিজের জন্য ২৫ মিলিয়ন দিরহাম পুরস্কারের লটারি ড্র করবে। এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর মাসে প্রতি সপ্তাহে ১ মিলিয়ন পুরস্কারের লটারিও থাকবে।