ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অপহরণ এড়াতে চলন্ত অটোরিকশা থেকে ঝাঁপ দিলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:০১, ২৩ ডিসেম্বর ২০২১
অপহরণ এড়াতে চলন্ত অটোরিকশা থেকে ঝাঁপ দিলেন নারী
ছবি: নিষ্ঠা পালিওয়াল

বাড়ি ফেরার জন্য অটোরিকশায় উঠেছিলেন এক নারী। কিন্তু সেটিতে চড়ার কিছু সময় পরই তিনি খেয়াল করেন অটোচালক ইচ্ছে করেই তাকে ভুল রাস্তায় অজানা পথে নিয়ে যাচ্ছে। চালককে বারবার অটো থামতে বলার পরও কোনো কাজ হয়নি। অবশেষে বাধ্য হয়ে চলন্ত অটোরিকশা থেকেই ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেন ওই নারী।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ কথা জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঘটনার শিকার নিষ্ঠা পালিওয়াল নামের ২৮ বছর বয়সী ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের ভয়াল অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, “গতকাল ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ার্ত দিনগুলোর একটি। আমি প্রায় অপহৃত হয়ে গিয়েছিলাম। আমি জানি না এটা কী ছিল, কিন্তু এখনও আমার গাঁয়ে কাঁটা দিয়ে উঠছে। দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় যাওয়ার জন্য গুরগাঁওয়ের ২২ নম্বর সেকশনের মার্কেট স্ট্যান্ড থেকে অটো ভাড়া করি। সেখান থেকে আমার বাসা ছিল ৭ মিনিটের দূরত্বে।”

Advertisement

তিনি আরও বলেন, “চালককে দেখে উবার ড্রাইভার মনে হয়েছিল। আমার কাছে তেমন নগদ অর্থ না থাকায় আমি তাকে অনলাইন লেনদেনের মাধ্যমে ভাড়া পরিশোধের কথা বলেছিলাম। সে তাতে রাজি হয় এবং আমি তার অটোতে চড়ে বসি।”

পেশায় কমিউনিকেশন স্পেশালিস্ট নিষ্ঠা বলেন, “টি পয়েন্ট এলাকা থেকে আমার বাসা ডান দিকে। কিন্তু সেখান থেকে সে বাম দিকে মোড় নিয়ে অটো চালাতে শুরু করে। আমি তাকে জিজ্ঞেস করলাম সে বামে যাচ্ছে কি-না। কিন্তু সে আমার কথার জবাব দেয়নি, উল্টো সৃষ্টিকর্তার নামে চিৎকার শুরু করে। আমি চিৎকার করে বলতে শুরু করি আমার বাসা তো ডানের সেক্টরে, আপনি বামে যাচ্ছেন কেন? কিন্তু সে আমার কথায় কোনো ভ্রুক্ষেপ না করে অটো চালাতে লাগলো। আমি তার কাঁধে ৮-১০ বার ধাক্কা দিলেও তাতে কাজ হয়নি।”

নিষ্ঠা আরও বলেন, “এ অবস্থায় আমার মনে কেবল একটা জিনিসই এসেছিল- লাফ দিয়ে অটো থেকে নেমে যাওয়া। অটোর গতি বাড়ানোর আগেই আমার কাছে এটিই ছিল নিজেকে বাঁচানোর একমাত্র উপায়। আমি ভাবলাম নিখোঁজ হওয়ার চেয়ে হাড় ভাঙাও শ্রেয়। এই ভাবতে ভাবতে আমি অটো থেকে লাফ দিলাম। কিন্তু আমি জানি না কিভাবে আমার মধ্যে অটো থেকে ঝাঁপ দেওয়ার সাহস এলো।”

গুড়গাঁওয়ের পালাম বিহারের পুলিশ কর্মকর্তা জিতেন্দর যাদব জানান, তিনি ওই অটো চালককে খুঁজে বের করবেন। যদিও ভুক্তভোগী ওই অবস্থায় অটোর নম্বর নোট করতে পারেননি। এলাকার সিসিটিভি ফুটেজ ব্যবহার করেই পুলিশ ওই অটো চালককে খোঁজার কাজ করবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!