ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দিল্লিতে বড়দিন ও নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৮, ২৩ ডিসেম্বর ২০২১
দিল্লিতে বড়দিন ও নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বাড়তে থাকায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে বড়দিন ও নতুন বছরের উৎসব পালনকে ঘিরে যেকোনো জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।

এদিকে জনসমাগমে নিষেধাজ্ঞা থাকলেও উৎসবের দিনগুলোতে শহরের রেস্তোরাঁ এবং পানশালা খোলা থাকবে। তবে সেখানে প্রবেশ করতে পারবেন রেস্তোরাঁর আসনের ৫০ শতাংশ মানুষ।

Advertisement

ভারতের সরকারি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে ২১৩ জন করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে। এর মধ্যে দিল্লিতে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৫৭। এছাড়া, মহারাষ্ট্রে ৫৪ জন, তেলেঙ্গানায় ২৪ জন এবং কর্ণাটকে ১৯ জন।

এছাড়া, সব জেলা ম্যাজিস্ট্রেটকে তাদের এলাকায় জরিপ চালিয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণের সম্ভাব্য হটস্পট চিহ্নিত করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি  করোনাভাইরাস ও নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি সম্পর্কে রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনগুলোকে (আরডব্লিউএ) জানাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শও দিয়েছে তারা।

সব ধরনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বিনোদন এবং ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম সীমিত রাখার পূর্ববর্তী আদেশের উল্লেখ করে ডিডিএমএ জানায়, বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলা হচ্ছে না। বিধিনিষেধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযান পরিচালনা করার এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!