কঙ্গোতে রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় শিশুসহ নিহত ৬
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর বেনির একটি জনাকীর্ণ রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১৩ জন।
শনিবার (২৫ ডিসেম্বর) এ হামলার সময় রেস্তোরাঁটির ভেতর বেশ কিছু লোক বড়দিন উদযাপন করছিলেন।
দেশটির পুলিশ বলছে, রেস্তোরাঁ ভবনে ঢোকার সময় তারা বোমা হামলাকারীকে বাধা দেয়। বাধা পেয়ে বোমা হামলাকারী ভবনের প্রবেশপথে নিজেকে বোমায় উড়িয়ে দেন। এতে হামলাকারী ও অপর পাঁচজন নিহত হন। আহত হন শিশুসহ আরো ১৩ জন।
.png)
হামলার জন্য জঙ্গিগোষ্ঠী এডিএফকে দায়ী করেছেন দেশটির কর্মকর্তারা। গোষ্ঠীটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট। তবে কোনো গোষ্ঠী প্রকাশ্যে এখন পর্যন্ত এ হামলার দায় নেয়নি।
দু’জন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, বোমা বিস্ফোরণের সময় রেস্তোরাঁটিতে ৩০ জনের বেশি মানুষ ছিলেন।
বেনিতে সাম্প্রতিক সপ্তাহগুলোয় প্রায়ই সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘাত-সংঘর্ষ হতে দেখা গেছে। গত নভেম্বরে কঙ্গো ও উগান্ডার বাহিনী এডিএফের বিরুদ্ধে একটি যৌথ অভিযান শুরু করে। নৃশংস বোমা হামলা বন্ধ করাই ছিল এ অভিযানের লক্ষ্য।
উগান্ডার কর্তৃপক্ষ বলছে, দেশটিতে সাম্প্রতিক সময়ে একাধিক বোমা হামলা হয়। এসব বোমা হামলার পেছনে রয়েছে এডিএফ।
গত শতকের নব্বইয়ের দশকে এই জঙ্গি সংগঠন প্রতিষ্ঠিত হয়।