ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফ্রান্সে এক দিনে করোনার সংক্রমণ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৭, ২৬ ডিসেম্বর ২০২১
ফ্রান্সে এক দিনে করোনার সংক্রমণ লাখ ছাড়াল
ছবি: সংগৃহীত

ফ্রান্সে ভয়াবহ হারে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে, যা সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এছাড়া এ দিন মৃত্যু হয়েছে আরো ৮৪ জনের। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো দৈনিক সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড গড়ল ফ্রান্স।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কীভাবে এ পরিস্থিতি মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা শুরু করছেন। সোমবার তিনি তার সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠক করবেন। সেখানে নতুন কোভিড বিধিনিষেধ আরোপ নিয়ে আলোচনার কথা রয়েছে।

এ পর্যন্ত ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ২২ হাজার ৫৪৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে টিকার পূর্ণ ডোজ নিয়েছেন ৭৬ দশমিক ৫ শতাংশ মানুষ।

Advertisement

এরইমধ্যে শুক্রবার ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ সুপারিশ করেছে, প্রাপ্তবয়স্করা যেন প্রাথমিক পর্বের টিকা নেয়ার তিন মাস পর বুস্টার ডোজ নেন। দেশটির সরকার এখন শুধু বুস্টার ডোজ সম্পন্নকারীদেরই হেলথ পাস দিচ্ছে। বিদেশভ্রমণ ছাড়াও ক্যাফে, রেস্তোরাঁ ও জনাকীর্ণ জায়গায় যেতে এ পাস দেখাতে হয়।

ফ্রান্সের কিছু অঞ্চলের কর্তৃপক্ষ তাদের নিজেদের তৈরি বিধিনিষেধ কার্যকর করেছে। গত মাসের শেষের দিকে সেভোয় এলাকার কর্তৃপক্ষ স্থানীয় মানুষের জন্য আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। জনাকীর্ণ কক্ষের ভেতরে কিংবা বাইরে সব জায়গাতেই মাস্ক পরতে হবে স্থানীয় লোকদের।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!