ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অত্যাধুনিক হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৮, ৬ জানুয়ারি ২০২২
অত্যাধুনিক হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
ছবি: সংগৃহীত

নতুন বছরে কোরীয় উপদ্বীপে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল টেস্টের কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার (৬ জানুয়ারী) দেশটির সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, কোরীয় উপদ্বীপের পূর্বে সমুদ্রে একটি হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়েছে।

বুধবার এ বিষয়ে সরব হয়েছিল জাপান এবং দক্ষিণ কোরিয়া। তাদের বক্তব্য ছিল, সমুদ্রে ফের মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। কিন্তু কী ধরনের মিসাইল তা নিয়ে সংশয় ছিল।

Advertisement

আরো পড়ুন>> গাছ কাটায় ধর্মানুভূতিতে আঘাত, একজনকে পুড়িয়ে হত্যা

উত্তর কোরীয় সংবাদমাধ্যমের দাবি, মিসাইলটি ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অভ্রান্তভাবে লক্ষ্যভেদ করতে পারে। হাইপারসনিক হওয়ায় এর লক্ষ্যভেদের ক্ষমতা অনেক বেশি। এই নিয়ে উত্তর কোরিয়া দ্বিতীয় হাইপারসনিক মিসাইলের পরীক্ষা করল বলে সংবাদমাধ্যমের দাবি। তবে সংবাদমাধ্যমের দাবি ঠিক কি না, তা খতিয়ে দেখা যায়নি।

রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্র দীর্ঘদিন ধরেই হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। কয়েকটি সফল পরীক্ষাও হয়েছে। কিন্তু উত্তর কোরিয়ার মতো অর্থকষ্টে জর্জরিত দেশ কীভাবে একের পর এক এমন পরীক্ষা চালিয়ে যাচ্ছে, তা নিয়ে বহু প্রশ্ন তৈরি হয়েছে।

আরো পড়ুন>> এক বছরে নিলেন ১১ বার টিকা, ১২ বারের বেলায় খেলেন ধরা

কিম জং উন অবশ্য জানিয়েছেন, দেশকে রক্ষা করার জন্য এ ধরনের আরো অস্ত্র উত্তর কোরিয়া তৈরি করবে। আত্মরক্ষার অধিকার তাদের আছে। যদিও একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে অ্যামেরিকাসহ একাধিক দেশ। জাতিসংঘের নিষেধাজ্ঞাও জারি আছে। কার্যত অর্থনৈতিক ব্লকেড তৈরি করা হয়েছে সেখানে।

বুধবার দক্ষিণ কোরিয়া এবং জাপান জানিয়েছিল, উত্তর কোরিয়ার একের পর এক অস্ত্র পরীক্ষার জন্য কোরীয় উপদ্বীপে শান্তি বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে আন্তর্জাতিক মঞ্চকে হস্তক্ষেপের অনুরোধও জানানো হয়েছিল। বস্তুত, জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রও উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষার তীব্র বিরোধিতা করেছে। তারপরেই বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম এই দাবি করল।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!