ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৪, ১২ জানুয়ারি ২০২২
নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উ. কোরিয়ার
ছবি: সংগৃহীত

নতুন আরো একটি অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। প্রতিবেশি দুই দেশ জাপান এবং দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ তোলার পরদিন দেশটি এ খবর স্বীকার করল।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে। উৎক্ষেপনের সময় দেশটির নেতা কিম জং উন স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার দূরে নির্ভুলভাবে আঘাত হেনেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এনিয়ে তৃতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানালো উত্তর কোরিয়া। শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত ছোটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি সময় শত্রুর চোখ ফাঁকি দিতে পারে।

Advertisement

আরো পড়ুন>> ঋণের আবেদন খারিজ, রেগে ব্যাংকে আগুন ধরিয়ে দিলেন যুবক

এর মধ্যে দুইটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে এক সপ্তাহের মধ্যে। নববর্ষের ভাষণে কিম জং উন পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা জোরালো করার প্রতিশ্রুতি দেওয়ার পরই এই পরীক্ষা চালানো হয়।

মঙ্গলবারের পরীক্ষাটি শনাক্ত করে দক্ষিণ কোরিয়া এবং জাপান। দেশ দুইটি জানায় ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়া থেকে সমুদ্রে ছোড়া হয়েছে। পরে কেসিএনএ জানায় এটি ছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

আরো পড়ুন>> ভারতে একদিনে করোনা শনাক্ত প্রায় দুই লাখ

এর আগে গত ৫ জানুয়ারি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফলতার দাবি করে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ এই পরীক্ষার নিন্দা জানিয়ে উত্তর কোরিয়াকে উস্কানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানায়।

হাইপারসনিক অস্ত্র সাধারণত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে কম উচ্চতা দিয়ে ওড়ে। ঘণ্টায় এটি ছয় হাজার দুইশ’ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। যুক্তরাষ্ট্র ও চীনের পাশাপাশি অল্প যে কয়েকটি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে তাদের অন্যতম উত্তর কোরিয়া। প্রচলিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো সেকেলে হয়ে পড়ায় তার শূন্যস্থান পূরণ করতেই মূলত এই প্রতিযোগিতা।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!