ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘ভুল করে’ ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় যৌথ তদন্ত চায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৪, ১৩ মার্চ ২০২২
‘ভুল করে’ ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় যৌথ তদন্ত চায় পাকিস্তান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের ভূখণ্ডে ‘ভুল করে’ প্রতিবেশি ভারতের ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় যৌথ তদন্ত চেয়েছে ইসলামাবাদ। ইমরান খান প্রশাসনের দাবি, এ ঘটনায় ভারতের দেওয়া উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ যথেষ্ট নয়।

গেল বৃহস্পতিবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ‘৯ মার্চ নিয়মিত মহড়ার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি ক্ষেপণাস্ত্র দুর্ঘটনাবশত ছোড়া হয়। ভারত সরকার ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

ভারতের আরও জানায়, ‘তারা জানতে পেরেছে, ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় গিয়ে পড়ে। ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক। তবে স্বস্তির বিষয় যে কোনো প্রাণহানি হয়নি।’

Advertisement

ক্ষেপণাস্ত্র ছোড়ার ওই ঘটনায় গতকাল শনিবার বিস্তারিত বিবৃতি দিয়েছে ইসলামাবাদ। ওই বিবৃতিতে ভারতের কাছে কিছু প্রশ্নের উত্তর চেয়েছে ইমরানের প্রশাসন।

আরো পড়ুন>> ইয়েমেনে যুদ্ধে দুই মাসে ৪৭ শিশু নিহত: ইউনিসেফ

বিবৃতিতে বলা হয়, ‘ভারতের অভ্যন্তরীণ আদালত এ ঘটনার যে ব্যাখ্যা দিয়েছে, তা বিবেচনায় নিয়েছি আমরা। সেখানকার অভ্যন্তরীণ আদালতে তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের এসব ব্যাখ্যা আমরা বিবেচনায় নিচ্ছি।’

তবে বিবৃতিতে ভারতের কাছে কিছু প্রশ্নে উত্তর চেয়েছে পাকিস্তান

১. ভুলে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঠেকাতে কী ব্যবস্থা/পদ্ধতি মেনে চলা হয়, সুনির্দিষ্টভাবে কী ব্যবস্থা নেয়া হয়েছিল; ভারতকে ব্যাখ্যা দিতে হবে।

২. পাকিস্তানের ভূখণ্ডে ছোড়া ক্ষেপণাস্ত্রটির ধরন ও বৈশিষ্ট্য জানাতে হবে।

৩. ক্ষেপণাস্ত্রের গতিপথ কী ছিল, কীভাবে তা পাকিস্তানে পড়ল, সে ব্যাখ্যাও দিতে হবে।

৪. ক্ষেপণাস্ত্রটির মধ্যে কি নিজেকে নিজে ধ্বংস করে দেওয়ার প্রযুক্তি যুক্ত ছিল? থেকে থাকলে কেন তা বাস্তবায়িত করতে এটি ব্যর্থ হয়েছে?

৫. নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলার সময় কি ভারতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়?

৬. ভুলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ তথ্য পাকিস্তানকে তাৎক্ষণিক জানাতে ভারত কেন ব্যর্থ হলো? কেন পাকিস্তানের পক্ষ থেকে এ ব্যাপারে অবহিত করে ব্যাখ্যা চাওয়ার পর ভারত তা স্বীকার করল?

৭. এসব অসংগতির মধ্য ভারতকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে যে ক্ষেপণাস্ত্রটি সশস্ত্র বাহিনী পরিচালনা করছিল নাকি অন্য কোনো উপায়ে পরিচালনা করা হচ্ছিল?

আরো পড়ুন>> ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলায় নিহত বেড়ে ৩৫

পাকিস্তানের বিবৃতিতে আরও বলা হয়, পুরো ঘটনায় ইঙ্গিত মিলেছে যে কৌশলগত অস্ত্র পরিচালনার ক্ষেত্রে ভারতীয়দের অনেক ফাঁকফোকর ও প্রযুক্তিগত ঘাটতি রয়েছে।

পাকিস্তানের দাবি, এ ঘটনার নেপথ্য সত্যতা যথাযথভাবে বের করে আনতে যৌথ তদন্ত করতে হবে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলছে, অপর পক্ষ যদি কোনো ভুল ব্যাখ্যা দেয়, তাহলে পাল্টা জবাব দেওয়া হবে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!