যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে সিরিজ টর্নেডোর আঘাত
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হেনেছে একাধিক টর্নেডো। শক্তিশালী এসব টর্নেডোর আঘাতে অঙ্গরাজ্যগুলোর বিভিন্ন স্থানে ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে জর্জিয়া ও টেক্সাসে গাছ পড়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
বুধবারও (৬ এপ্রিল) বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া ও সিরিজ টনের্ডোর সতর্কতা জারি রেখেছে আবহাওয়া অফিস।
স্থানীয় সময় মঙ্গলবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের মিসিসিপি, অ্যালাবামা, জর্জিয়া, টেক্সাস ও সাউথ ক্যারোলাইনাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যায় সিরিজ টর্নেডো।
.png)
আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানায়, দক্ষিণাঞ্চলে এক দিনে ৩৫টির বেশি টর্নেডোর খবর পাওয়া গিয়েছে।
টর্নেডোর তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেক্সাস ও সাউথ ক্যারোলাইনা। হতাহতের খবরও পাওয়া গেছে। গাছ পড়ে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। বিধ্বস্ত হয়েছে বহু ঘড়বাড়ি। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা আছে বলে জানিয়েছে দমকল বিভাগ।
আরো পড়ুন>> ইসরায়েলের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাল নাফতালি বেনেট সরকার
স্থানীয়রা জানান, তারা ঘরের ভেতরে ছিলেন। হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন একটি টর্নেডো তাদের বাড়ির খুব কাছে চলে এসেছে। যেকোনো সময় এটি আঘাত হানতে পারে বুঝতে পেরে সবাইকে নিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে আসেন।
টেক্সাসের পূর্বাঞ্চল থেকে সাউথ ক্যারোলাইনা পর্যন্ত ৫০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন ওই অঞ্চলের হাজারো মানুষ।
এদিকে আবহাওয়া অফিস বলছে, বুধবারও (৬ এপ্রিল) বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া ও সিরিজ টর্নেডো আঘাত হানতে পারে দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে। যার কারণে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: সিএনএন