ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩২, ২৮ জুন ২০২২
সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা
ছবি: সংগৃহীত

ভারতের বিরোধী দল কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব পিপি মাধবনের বিরুদ্ধে ধর্ষণ ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন মাধবন। মঙ্গলবার সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, ২৬ বছর বয়সী এক নারীর অভিযোগের ভিত্তিতে সোমবার মাধবনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে দিল্লি পুলিশ।

পুলিশের কর্মকর্তারা বলেন, নারীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তাকে চাকরি দেওয়ার কথা বলে প্রলুব্ধ করেছিলেন। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Advertisement

দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেন, নারীর অভিযোগ, তাকে ধর্ষণ করা হয়েছে। তিনি যদি বিষয়টি প্রকাশ্যে আনেন, তাহলে তাকে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে বলে অভিযুক্ত ব্যক্তি হুমকি দেন।

আরো পড়ুন: মুম্বাইয়ে মধ্যরাতে ধসে পড়ল চার তলা ভবন

দিল্লির দ্বারকার উপপুলিশ কমিশনার এম হর্ষবর্ধন বলেন, ২৫ জুন উত্তম নগর থানায় অভিযোগটি আসে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ও ৫০৬ (ফৌজদারি ভীতিপ্রদর্শন) ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়।

এম হর্ষবর্ধন বলেন, ৭১ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন অভিযোগকারী নারী। মামলার যিনি আসামি, তিনি ভারতের একজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতার ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করছেন। অভিযোগ তদন্ত করছে পুলিশ।

জ্যেষ্ঠ রাজনৈতিক নেতার নাম উল্লেখ করেননি এম হর্ষবর্ধন। তবে দিল্লি পুলিশের কর্মকর্তারা নিশ্চিত করেন, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব মাধবনের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।

মামলা হওয়ার পর মাধবন দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে এই মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি তার।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!