ঋণ খেলাপি হওয়ার দাবি প্রত্যাখ্যান করল রাশিয়া
বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে নিজের খেলাপি হওয়ার কথা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। দেশটি বিনিয়োগকারীদের নগদ অর্থের জন্য পশ্চিমা আর্থিক এজেন্টদের কাছে যেতে বলছে। মস্কোর দাবি, ওই এজেন্টদের নগদ অর্থ দেওয়া হলেও বন্ডহোল্ডাররা তা পায়নি।
সোমবার (২৭ জুন) হোয়াইট হাউস দাবি করে, বিশ শতকের শুরুর দিকে বলশেভিক বিপ্লবের পর থেকে রাশিয়া প্রথমবারের মতো তার আন্তর্জাতিক বন্ডে খেলাপি হয়েছে। এর কারণ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের কারণে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় রাশিয়া বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মার্কিন দাবি সত্যি হলে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো বৈদেশিক ঋণে খেলাপি হলো রাশিয়া।
.png)
এদিকে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, খেলাপি হওয়ার কথাটি একেবারেই অযৌক্তিক। এসময় তিনি মে মাসে বৈদেশিক মুদ্রা কুপন পেমেন্টের দিকে ইঙ্গিত করেন।
আরো পড়ুন>> মার্কিন হামলায় আল কায়েদার অন্যতম শীর্ষ নেতা নিহত
পেসকভ বলেন, ‘ইউরোক্লিয়ার এই অর্থ আটকে রেখেছে বলে তা প্রাপকদের কাছে যায়নি। এটা আমাদের সমস্যা নয়। এই ধরনের পরিস্থিতিকে খেলাপি হওয়া বলার কোন ভিত্তি নেই।’
গত সপ্তাহ পর্যন্ত রাশিয়া তার ইউরোবন্ডে বৈদেশিক মুদ্রায় অর্থ প্রদান করে চলেছে। তবে মে মাসের ডলার এবং ইউরো কুপন চালান বিনিয়োগকারীদের কাছে পৌঁছায়নি।
সূত্র: আল-জাজিরা