ভূমধ্যসাগরে হিজবুল্লাহর ৩ ড্রোন গুলি করে নামাল ইসরায়েল
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর তিনটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েল। ভূমধ্যসাগরের এক বিতর্কিত এলাকায় ইসরায়েলি একটি গ্যাস রিগের দিকে যাওয়ার সময় ড্রোনগুলোকে ভূপাতিত করা হয় বলে দাবি করেছে ইহুদি এই দেশটির কর্তৃপক্ষ। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, শনিবার বিতর্কিত কারিশ গ্যাসক্ষেত্র অভিমুখে বিভিন্ন আকৃতির তিনটি ড্রোন পাঠানো হয়েছে।
গ্যাস ক্ষেত্রটি পুনরুদ্ধারের লক্ষ্যে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছিল এর উদ্দেশ্য। বিবৃতিতে আরও বলা হয়, মিশন সফল হয়েছে এবং ইসরায়েলকে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
.png)
এদিকে ইসরায়েল দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রু বাহিনীর’ তিনটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তেলআবিবের দাবি, ড্রোনগুলোকে ইসরায়েলের অর্থনৈতিক পানিসীমার আকাশে গুলি করা হয়েছে।
হিজবুল্লাহ বলেছিল, লেবানন সরকার যদি নিশ্চিত করে এ কথা বলে যে, ইসরায়েল সে দেশের পানিসীমা লঙ্ঘন করেছে, তা হলে এই প্রতিরোধ আন্দোলন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
ইসরায়েল ওই পানিসীমায় খননকাজ করার জন্য একটি জাহাজ পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর হিজবুল্লাহ ওই হুশিয়ারি উচ্চারণ করেছিল।
হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নায়িম কাসেম সংবাদমাধ্যম রয়টার্সকে বলেছিলেন, ইসরায়েল বিতর্কিত পানিসীমায় জাহাজ পাঠিয়েছে বলে বৈরুত নিশ্চিত করলে তার সংগঠন উপযুক্ত জবাব দিতে প্রস্তত রয়েছে।