শ্রীলংকায় ফিরতে পারেন গোতাবায়া রাজাপাকসে
অর্থনৈতিক সংকটের মধ্যে জনগণের বিক্ষোভের মুখে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়া শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরতে পারেন। মঙ্গলবার দেশটির বর্তমান মন্ত্রিসভার মুখপাত্র বন্দুলা গুনাবর্ধনে এ কথা বলেছেন।
গুনাবর্ধনে বলেন, গোতাবায়া সঠিক চ্যানেলের মাধ্যমে সিঙ্গাপুরে গেছেন। তিনি লুকিয়ে নেই। তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
সোমবার শ্রীলংকার মন্ত্রিসভার বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গুনাবর্ধনে।
.png)
সরকারবিরোধী তুমুল বিক্ষোভের মুখে ১৩ জুলাই শ্রীলংকা থেকে পালিয়ে মালদ্বীপে যান দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া। গত ১৪ জুলাই সিঙ্গাপুরে প্রবেশ করেন গোতাবায়া রাজাপাকসে। দেশটিতে তাকে স্বল্প মেয়াদে ১৪ দিন অবস্থানের অনুমতি দেওয়া হয়।
আরো পড়ুন: ইউরোপে গ্যাস সরবরাহ আবারো কমাচ্ছে রাশিয়া
সম্প্রতি গোতাবায়া রাজাপাকসের নামে সিঙ্গাপুরে মামলা করেছে একটি আন্তর্জাতিক অধিকার সংগঠন। শ্রীলংকায় কয়েক দশকের গৃহযুদ্ধে ‘বিতর্কিত’ ভূমিকার জন্য তাকে গ্রেফতারের আর্জি জানিয়েছে বাদী পক্ষ।
শনিবার সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কাছে ৬৩ পৃষ্ঠার অভিযোগে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট (আইটিজেপি) বলেছে, শ্রীলংকার ২৫ বছরব্যাপী গৃহযুদ্ধে জেনেভা কনভেনশনের শর্তগুলো লঙ্ঘন করেছেন রাজাপাকসে। ওই সময় তিনি দ্বীপরাষ্ট্রটির শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা ছিলেন।
এদিকে শ্রীলংকার প্রেসিডেন্টের ভবন থেকে মালপত্র চুরির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে অভিযোগ, তারা গোল্ড-প্লেটের সকেটসহ বেশ কিছু জিনিস চুরি করেন। এরপর সেগুলো বিক্রি করতে গেলে পুলিশের সন্দেহ হয় এবং তাদের আটক করা হয়।
দেশটিতে অর্থনৈতিক সংকটের জেরে গত ৯ জুলাই হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের প্রাসাদে প্রবেশ করেন। বিক্ষোভকারীরা টানা কয়েকদিন ধরে সেখানেই অবস্থান করেন। এরই মধ্যে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। আটক তিনজনের বয়স ২৮, ৩৪ ও ৩৭ বছর। তারা মাদকাসক্ত বলে ধারণা করছে পুলিশ। তাদের কলম্বো (উত্তর) অপরাধ তদন্ত বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
সূত্র: কলম্বো গেজেট