ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গ্রিসে হেলিকপ্টারের পাখার আঘাতে পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫, ২৭ জুলাই ২০২২
গ্রিসে হেলিকপ্টারের পাখার আঘাতে পর্যটকের মৃত্যু
ছবি: সংগৃহীত

হেলিকপ্টারের পাখার আঘাতে গ্রিসে এক ব্রিটিশ পর্যটকের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো এ তথ্য জানিয়েছে। ২১ বছর বয়সী ঐ পর্যটক আরো তিনজনের সঙ্গে ছুটি কাটানোর সময় একটি ব্যক্তিগত বিমানবন্দরে হেলিকপ্টার থেকে নামার সময় আঘাত পান। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। তবে আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা। ২৫ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।

ইঞ্জিন সচল থাকা অবস্থায় নামতে গিয়ে হেলিকপ্টারের লেজের পাখার আঘাত লাগে তার। ঐ ব্যক্তির বাবা-মাও অন্য একটি হেলিকপ্টারে মাইকোনোস থেকে একই স্থানে যাচ্ছিলেন। পরে তাদের ঘটনা সম্পর্কে অবহিত করা হয়। দ্বিতীয় হেলিকপ্টারের চালক তখন সেটির দিক পরিবর্তন করে এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তিনি ঐ বাবা-মাকে দুর্ঘটনা প্রত্যক্ষ করা থেকে বিরত রাখেন।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পর্যটক মৃত্যুর ঘটনায় জড়িত হেলিকপ্টারের পাইলট ও দুই গ্রাউন্ড টেকনিশিয়ানকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

গ্রিসের এক পুলিশ কর্মকর্তা বলেন, এমন দুর্ভাগ্যজনক ঘটনা কখনোই ঘটা উচিত হয়নি। হেলিকপ্টারের পাখা চালু অবস্থায় ঐ পর্যটক কীভাবে নামতে সক্ষম হলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!